Skip to content
প্রকাশ- November 2, 2026 , 16:57 pm
জামালপুর

নায়েব আলী হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবিতে মেলান্দহে সড়ক অবরোধ ও মানববন্ধন

নায়েব আলী হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবিতে মেলান্দহে সড়ক অবরোধ ও মানববন্ধন
সাজ্জাদ হোসাইন শাহিন- স্টাফ রিপোর্টার : 
জামালপুরের মেলান্দহে ইজিবাইক চালক নায়েব আলী হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত বিচার এবং সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন, বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী, পরিবহন শ্রমিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। পরে বিক্ষুব্ধ জনতা কিছু সময়ের জন্য সড়ক অবরোধ করে প্রতিবাদ জানান। এ সময় ‘খুনিদের ফাঁসি চাই’, ‘হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই’সহ বিভিন্ন স্লোগানে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, সামান্য একটি ইজিবাইকের লোভে একজন নিরীহ ও পরিশ্রমী মানুষকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এ ধরনের নৃশংস ঘটনা সমাজে আতঙ্ক সৃষ্টি করে। তাই হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত বিচারের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে, যাতে ভবিষ্যতে কেউ এমন অপরাধ করার সাহস না পায়।
কর্মসূচিতে বক্তব্য দেন মাহমুদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি তৈয়বুর রহমান, নুরে আলম তালুকদার, নিহতের ছেলে আনোয়ার হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। বক্তারা বলেন, নায়েব আলী ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তার মৃত্যুতে পরিবারটি চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছে। তারা সরকারের কাছে দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে মামলাটি নিষ্পত্তির দাবি জানান।
মানববন্ধনে উপস্থিত হয়ে কান্নাজড়িত কণ্ঠে নিহতের স্ত্রী মোমেনা বেগম বলেন, “আমার স্বামীই ছিল আমাদের সংসারের একমাত্র ভরসা। তার আয়ে সংসার চলত, সন্তানদের লেখাপড়া হতো। এখন সন্তানদের নিয়ে কীভাবে বাঁচব জানি না। যারা আমার স্বামীকে হত্যা করেছে, তাদের সর্বোচ্চ শাস্তি চাই। বিচার পেলেই কিছুটা শান্তি পাব।”
মানববন্ধন শেষে বিক্ষোভকারীরা হত্যাকাণ্ডের বিচার দ্রুত সম্পন্ন করে দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবিতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।
উল্লেখ্য, মেলান্দহ উপজেলার মাহমুদপুর ইউনিয়নের কাজাইকাটা গ্রামের ইজিবাইক চালক নায়েব আলী গত ২১ জুন ভোরে বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হন। পরিবারের পক্ষ থেকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। পরে ২৩ জুন ইসলামপুর উপজেলার চরপুটিমারী ইউনিয়নের একটি ধানক্ষেত থেকে লাগেজবন্দি অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।
ঘটনার তদন্তে নেমে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ২৪ জুন ভোরে মূল অভিযুক্ত নাহিদুল ইসলামকে গ্রেপ্তার করে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে আরও পাঁচজনকে আটক করা হয়। তদন্ত সংশ্লিষ্টরা জানান, মাত্র ১০ হাজার টাকার প্রয়োজন মেটাতে ইজিবাইক ছিনতাইয়ের উদ্দেশ্যে নায়েব আলীকে হত্যা করা হয়েছিল। এ ঘটনায় এখন পর্যন্ত মোট ছয়জন গ্রেপ্তার হয়েছেন।
Advertisement