নাইমুর রহমান,
জাবিপ্রবি প্রতিনিধি।
জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (জাবিপ্রবি)-তে আজ ২৩ জুন ২০২৬ অনুষ্ঠিত হয়েছে বহুল প্রতীক্ষিত আর্জেন্টিনা বনাম ব্রাজিল ফুটবল ম্যাচ।
বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত এই প্রীতি ম্যাচ ঘিরে সকাল থেকেই ক্যাম্পাসে ছিল উৎসবমুখর পরিবেশ ও ব্যাপক উচ্ছ্বাস।
আজ দুপুর ২ টা ৫০ মিনিটে খেলা শুরু হয়। ম্যাচটি অনুষ্ঠিত হয় ২৫+২৫ মিনিটের দুই অর্ধে, সঙ্গে যোগ করা হয় অতিরিক্ত ১০ মিনিট সময়।
শুরু থেকেই দুই দলের খেলোয়াড়রা আক্রমণাত্মক ফুটবল উপহার দিলেও পুরো ম্যাচজুড়ে তুলনামূলকভাবে আর্জেন্টিনাই খেলায় আধিপত্য বিস্তার করে।
ম্যাচের অধিকাংশ সময় বলের নিয়ন্ত্রণ ছিল আর্জেন্টিনা দলের দখলে। মাঝমাঠ থেকে ধারাবাহিক আক্রমণ গড়ে তুলে তারা ব্রাজিলের রক্ষণভাগে একের পর এক চাপ সৃষ্টি করে। অন্যদিকে ব্রাজিল দল রক্ষণাত্মক কৌশল নিয়ে খেললেও খুব বেশি সময় বল নিজেদের নিয়ন্ত্রণে রাখতে পারেনি।
বিশেষ করে দ্বিতীয়ার্ধে ম্যাচের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত আসে, যখন আর্জেন্টিনা একটি পেনাল্টি লাভ করে। দর্শকদের মধ্যে তখন উত্তেজনা তুঙ্গে ওঠে এবং গোলের অপেক্ষায় পুরো মাঠে নেমে আসে নিস্তব্ধতা।
তবে দুর্ভাগ্যজনকভাবে সেই সুবর্ণ সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয় আর্জেন্টিনা। পেনাল্টি মিস হওয়ার মধ্য দিয়ে ম্যাচে গোলের সম্ভাবনাময় মুহূর্তটিও হারিয়ে যায়।
শেষ পর্যন্ত উভয় দলের প্রাণপণ লড়াইয়ের পর নির্ধারিত সময় ও অতিরিক্ত সময় শেষে ম্যাচটি ০-০ গোলে ড্র হয়।
গোলশূন্য ড্র হলেও ম্যাচজুড়ে ছিল তীব্র প্রতিদ্বন্দ্বিতা, রোমাঞ্চ এবং দর্শকদের ব্যাপক উন্মাদনা। প্রিয় দুই ফুটবল পরাশক্তি আর্জেন্টিনা ও ব্রাজিলের নামেই আয়োজিত এই ম্যাচ শিক্ষার্থীদের মাঝে বাড়তি উত্তেজনা তৈরি করে এবং ক্যাম্পাসে এক ভিন্নমাত্রার প্রাণচাঞ্চল্য এনে দেয়।
খেলা শেষে উভয় দলের খেলোয়াড়রা ক্রীড়াসুলভ মনোভাব বজায় রেখে একে অপরকে অভিনন্দন জানান। শিক্ষার্থীদের মতে, এমন আয়োজন ক্যাম্পাস জীবনে সৌহার্দ্য, বন্ধুত্ব ও পারস্পরিক সম্প্রীতি আরও দৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।




