Skip to content
প্রকাশ- November 2, 2026 , 15:22 pm
জামালপুর

হাসিনার মৃত্যুদণ্ড: মাদারগঞ্জে বিএনপির উচ্ছ্বাস ও মিষ্টি বিতরণ

হাসিনার মৃত্যুদণ্ড: মাদারগঞ্জে বিএনপির উচ্ছ্বাস ও মিষ্টি বিতরণ

মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি||

মানবতাবিরোধী অপরাধের মামলায় জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষণাকে স্বাগত জানিয়ে জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় বিএনপি ও এর অঙ্গ–সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছেন।

Advertisement

রায় ঘোষণার সঙ্গে সঙ্গে বালিজুড়ী বাজার এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

সোমবার (১৭ নভেম্বর) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–১ শেখ হাসিনার মৃত্যুদণ্ডের পাশাপাশি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ড এবং পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল–মামুনকে পাঁচ বছরের কারাদণ্ডের রায় ঘোষণা করেন।

রায় ঘোষণার খবর ছড়িয়ে পড়তেই মাদারগঞ্জ বিএনপির নেতাকর্মীরা দলীয় কার্যালয়ে জড়ো হন।

বিকাল ৩টার দিকে বালিজুড়ী বাজারে বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে আনন্দ মিছিল শুরু হয়।

নেতাকর্মীরা বড় থালায় মিষ্টি নিয়ে রায়কে স্বাগত জানান এবং একে অপরকে খাইয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন।

মিছিলটি বালিজুড়ী বাজার থেকে শুরু হয়ে প্রধান সড়ক, বাসস্ট্যান্ড মোড় ও বাজারসংলগ্ন বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে আবারও দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোখলেছুর রহমান মোখলেস, চরপাকেরদহ ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম কিবরিয়া বিপ্লব তরফদার, জেলা যুবদলের সদস্য আল আমিন তালুকদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবিরসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে রায় ঘোষণার মধ্য দিয়ে “জনগণের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হয়েছে।” তারা রায় দ্রুত কার্যকর করার দাবি জানান এবং অভিযোগ করেন যে বহু বছর ধরে বিরোধী রাজনৈতিক কর্মীদের ওপর “দমন–পীড়ন” চালানো হয়েছে। তাই এই রায় “ন্যায়বিচারের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ” বলে তারা মন্তব্য করেন।

পুরো কর্মসূচিটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় বলে স্থানীয় পুলিশ নিশ্চিত করেছে।

Advertisement