মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি||
জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় বিভিন্ন সমবায় সমিতিতে আমানত রাখা প্রায় ৩০ হাজার গ্রাহকের প্রায় ৮০০ কোটি টাকা ফেরতের দাবিতে বিশাল মশাল মিছিল করেছে প্রতারিত গ্রাহকরা।
রোববার (১৬ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হওয়া মশাল মিছিলটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বালিজুড়ী বাজারের কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।
‘মাদারগঞ্জে বিভিন্ন সমবায় সমিতিতে আমানতকৃত অর্থ উদ্ধারের জন্য সহায়ক কমিটি’র ব্যানারে আয়োজিত এই মশাল মিছিলে কয়েক হাজার গ্রাহক ও কমিটির নেতৃবৃন্দ অংশ নেন।
সমাবেশে কমিটির আহ্বায়ক শিবলুল বারী রাজু বলেন,
“গ্রাহকদের কষ্টার্জিত আমানতের টাকা ফেরত না পাওয়া পর্যন্ত আন্দোলন চলবে। কেউ বাড়ি ফিরে যাবে না। সমিতির পরিচালকদের গ্রেপ্তার এবং দ্রুত অর্থ উদ্ধারের জন্য প্রশাসনের কার্যকর পদক্ষেপ চাই।”
তিনি আরও বলেন, দফায় দফায় দাবি জানিয়েও সমাধান না পাওয়ায় প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।
সমাবেশে সহায়ক কমিটির সদস্য মাহাবুব আলম রতন, সোনা মোল্লাসহ বিভিন্ন এলাকার ভুক্তভোগীরা বক্তব্য রাখেন এবং দ্রুত টাকা ফেরত নিশ্চিত করার জোর দাবি জানান।
মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল্লাহ সাইফ বলেন, “বিভিন্ন সমবায় সমিতির আমানতকারীরা কয়েক দিন ধরেই আন্দোলন করছে। প্রশাসনের পক্ষ থেকে টাকা উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে।”
এর আগে ১১ নভেম্বর থেকে ২৭টি সমবায় সমিতির গ্রাহকরা টানা তিনদিন উপজেলা পরিষদ চত্বরে অবস্থান কর্মসূচি পালন করেন এবং বিভিন্ন সরকারি দপ্তর ঘেরাও করেন।
১৪ ও ১৫ নভেম্বর সাপ্তাহিক ছুটির কারণে আন্দোলনে বিরতি দিলেও রোববার তা পুনরায় শুরু হয়, ফলে সরকারি দপ্তরের কার্যক্রম প্রায় বন্ধ হয়ে যায়।




