Skip to content
প্রকাশ- November 2, 2026 , 15:30 pm
জামালপুর

বকশীগঞ্জে মাফি পরিবহনের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

বকশীগঞ্জে মাফি পরিবহনের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

মোহাম্মদ গোলাম মোস্তফা||

জামালপুরের বকশীগঞ্জে মাফি পরিবহনের বিরুদ্ধে উদ্দেশ্যমূলক অপপ্রচার ও মিথ্যাচারের প্রতিবাদে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

Advertisement

মঙ্গলবার (২১ অক্টোবর) সন্ধ্যায় বকশীগঞ্জ বাসস্ট্যান্ডে মাফি পরিবহনের নিজস্ব কাউন্টারে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন মাফি পরিবহনের পরিচালক মাহমুদুল হাসান এবং ম্যানেজার শাহিনুজ্জামান শাহীন।

শাহিনুজ্জামান শাহীন বলেন, “ঢাকাগামী যমুনা পরিবহনের চালক ও স্টাফদের মারধর এবং অর্থ হাতিয়ে নেওয়ার যে অভিযোগ আনা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। যমুনা পরিবহনের ম্যানেজার রেজুয়ান আহমেদ উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমাদের বিরুদ্ধে এসব অপপ্রচার চালাচ্ছেন।”

তিনি আরও বলেন, “এসব অপপ্রচারের ফলে মাফি পরিবহনের দীর্ঘদিনের সুনাম ক্ষুণ্ন হচ্ছে। পরিকল্পিতভাবে পরিবহনের গাড়ির সময়সূচিও পরিবর্তন করেছে বকশীগঞ্জ বাস মালিক সমিতি, যা আমাদের ব্যবসায়িক স্বার্থের জন্য হুমকিস্বরূপ।”

সংবাদ সম্মেলনে শাহীন অভিযোগ করেন, রাজনৈতিক পরিচয় নিয়ে তাঁকে বিভ্রান্তিমূলকভাবে উপস্থাপন করা হচ্ছে। তিনি বলেন, “আমাকে আওয়ামী লীগের দোসর বলা হচ্ছে, অথচ আমি কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত নই। আমার রাজনৈতিক অবস্থান সম্পর্কে উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ ভালোভাবেই জানেন।”

সবশেষে তিনি অনুরোধ জানিয়ে বলেন, “এসব মিথ্যা অপপ্রচারে কেউ বিভ্রান্ত হবেন না। আমরা এ ধরনের অপপ্রচার এবং পরিবহনের সময়সূচি পরিবর্তনের তীব্র প্রতিবাদ জানাচ্ছি ও পূর্বের নিয়ম অনুযায়ী গাড়ি পরিচালনার দাবি জানাচ্ছি।”

Advertisement