মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় দেশ ও জাতির ‘অপূরণীয় ক্ষতি’ হয়েছে বলে জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স।
মঙ্গলবার (২২ জুলাই) রাষ্ট্রীয় শোক দিবস উপলক্ষে ময়মনসিংহের হালুয়াঘাট পৌর শহরের পুরাতন বাসস্ট্যান্ডে উপজেলা ও পৌর বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত এক দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
শোক প্রকাশ করে এমরান সালেহ প্রিন্স বলেন, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমান দুর্ঘটনায় জাতি বাংলাদেশের সম্ভাবনাময় সন্তানদের হারিয়েছে। স্কুলে পাঠরত অবস্থায় কোমলমতি শিক্ষার্থী নিহত হওয়ায় পুরো জাতি স্তম্ভিত ও শোকাহত। এতে দেশ ও জাতির অপূরণীয় ক্ষতি হয়েছে।
এ সময় নিহত ও ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সরকারকে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।
এমরান সালেহ প্রিন্স বলেন, ঘটনার সুষ্ঠু তদন্ত ও পুনরাবৃত্তি রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের কোনো বিকল্প নেই। সেই সঙ্গে নিহত ও আহতদের সঠিক সংখ্যা জাতির সামনে স্বচ্ছতার সঙ্গে সুস্পষ্টভাবে উপস্থাপন করা হোক।
তিনি বলেন, দুর্ঘটনার পর পরই বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উদ্ধারকাজ ও রক্ত দেওয়াসহ আহতদের চিকিৎসাসেবায় সর্বাত্মক সহযোগিতা করছে।
তিনি আরও বলেন, আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সার্বক্ষণিক এ কার্যক্রম মনিটরিং করে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেছেন।




