Skip to content
প্রকাশ- November 3, 2026 , 1:01 am
ময়মনসিংহ বিভাগ

মুক্তিপণ না পেয়ে এক শিশুকে হত্যা, আরেকজন নিখোঁজ

মুক্তিপণ না পেয়ে এক শিশুকে হত্যা, আরেকজন নিখোঁজ

ময়মনসিংহের গফরগাঁওয়ে মুক্তিপণ না পেয়ে সিফাত হাসান (১০) নামের এক শিশুকে হত্যা করে তার মরদেহ পুকুরে ফেলে দিয়েছে দুর্বৃত্তরা। একই দিন নিখোঁজ হয়েছে আরও এক শিশু, পাঁচ বছর বয়সী আইমান সাদাব।

শনিবার সকালে বাড়ি থেকে প্রায় ২০০ গজ দূরে স্থানীয় রশিদের পুকুর থেকে সিফাতের মরদেহ উদ্ধার করে পুলিশ।

Advertisement

নিহত সিফাত গফরগাঁও উপজেলার পাগলা থানাধীন পাঁচবাগ ইউনিয়নের চরশাঁখচূড়া গ্রামের সৌদি প্রবাসী নূর ইসলামের ছেলে এবং চরশাঁখচূড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী।

এদিকে নিখোঁজ আইমান সাদাব একই ইউনিয়নের দিঘীরপাড় গ্রামের সৌদি প্রবাসী আল-আমিনের ছেলে।

নিহত সিফাতের পরিবারের বরাতে জানা যায়, শুক্রবার দুপুর ১২টার দিকে সিফাত বাড়ির পাশে খেলছিল। এ সময় অজ্ঞাতপরিচয় কয়েকজন লোক তাকে ধরে নিয়ে যায়।

সিফাতের মা কবিতা বেগম জানান, “ঘটনার সময় আমি বাবার বাড়ি পাঁচবাগে ছিলাম। পরে সিফাত নিখোঁজ হওয়ার খবর পেয়ে বাড়ি ফিরে আসি। সন্ধ্যায় আমার স্বামী নূর ইসলাম ফোনে জানান, ছেলে জীবিত ফেরত পেতে হলে ২০ হাজার টাকা মুক্তিপণ দিতে হবে। তিনি তার ভাগ্নে জিসানের মাধ্যমে অপহরণকারীদের সঙ্গে যোগাযোগ করতে বলেন।”

জিসান জানান, “অপহরণকারীরা প্রথমে আমার মামার (নূর ইসলাম) কাছে মুক্তিপণ দাবি করে। মামা আমার মোবাইল নম্বর দিয়ে তাদের যোগাযোগ করতে বলেন। আমি ১৫ হাজার টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে প্রাথমিকভাবে বিকাশে ২ হাজার টাকা পাঠাই। বলি, সিফাতকে ফেরত পেলে বাকি টাকা পরিশোধ করব। আজ সকালে তার মরদেহ পাওয়া গেছে।”

অন্যদিকে শনিবার সকালে নিখোঁজ হয় দিঘীরপাড় গ্রামের শিশু আইমান সাদাব। পরিবারের সদস্যদের ভাষ্যমতে, বাড়ির পাশে একটি দোকানে হালখাতা উপলক্ষে মাইক বাজছিল। সাদাব মাইক শুনে দোকানের সামনে গেলে আর ফিরে আসেনি।

এ ঘটনায় নিখোঁজ সাদাবের নানা সুলতান মিয়া পাগলা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

তিনি বলেন, “আমার নাতিকে কে বা কারা ধরে নিয়ে গেছে বুঝতে পারছি না। কেউ ষড়যন্ত্র করে কিছু করেছে কিনা তাও বুঝতে পারছি না। শিশুটির মা-ছেলে আমার বাড়িতেই থাকত।”

নিখোঁজ শিশুর ফুফু বলেন, “আমরা আশপাশের পুকুর, ডোবা এবং আত্মীয়স্বজনদের বাড়িঘরে তল্লাশি চালিয়েছি, কিন্তু এখনও তার কোনো খোঁজ মেলেনি।”

পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফেরদৌস আলম জানান, “নিহত সিফাতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। অপরদিকে নিখোঁজ শিশু আইমান সাদাবকে উদ্ধারে অভিযান চলছে।”

Advertisement

Leave a Comment

Your email address will not be published.