Skip to content
প্রকাশ- November 2, 2026 , 18:19 pm
জামালপুর

বকশীগঞ্জে বাট্টাজোড় ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশ

বকশীগঞ্জে বাট্টাজোড় ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশ

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি||

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার ৩নং বাট্টাজোড় ইউনিয়নের ৩নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

Advertisement

রবিবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় বাট্টাজোড় কে.আর.আই কামিল মাদ্রাসা প্রাঙ্গণে বর্ণাঢ্য আয়োজনে এ কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. খোকন মণ্ডল।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বকশীগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি ও বাট্টাজোড় ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ মো. আকতার হোসেন মাস্টার।

প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ মোতালেব সরকার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক অধ্যাপক বজলুর রশিদ, উপজেলা বিএনপির সহ-কোষাধ্যক্ষ ফরিদ আহম্মদ, উপজেলা বিএনপির সদস্য মুরাদুজ্জামান মোরাদ, বাট্টাজোড় ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান মো. লিটন আকন্দ, সাংগঠনিক সম্পাদক আরিফুজ্জামান দুদু মেম্বারসহ ইউনিয়ন বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা আসন্ন জাতীয় নির্বাচনে বিএনপির প্রতিটি নেতা-কর্মীকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।

তারা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের মধ্য দিয়েই জনগণের ভোটাধিকার পুনরুদ্ধার সম্ভব।

প্রধান বক্তা মো. মোতালেব সরকার বলেন, “আমরা বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে বহু হামলা-মামলার শিকার হয়েছি। তখন জনগণের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছিল। কিন্তু ২০২৪ সালের ৫ আগস্টের পর আমরা স্বাধীনভাবে কথা বলতে পারছি। আমাদের নেতা তারেক রহমান জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে ৩১ দফা ঘোষণা করেছেন, যা দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের রূপরেখা।”

তিনি আরও বলেন, “আমাদের বন্ধুত্বপূর্ণ দল বাংলাদেশ জামায়াতে ইসলামী দীর্ঘদিন আমাদের সঙ্গে রাজনীতি করেছে। বর্তমানে তারা বিএনপির বিরুদ্ধে বিভ্রান্তিমূলক তথ্য ছড়াচ্ছে। আমরা বলতে চাই, আপনাদের রাজনীতি করার অধিকার আছে, তবে বিভ্রান্তি সৃষ্টি করবেন না—জনগণ তা প্রতিহত করবে।”

প্রধান অতিথি আলহাজ মো. আকতার হোসেন মাস্টার বলেন, “বিএনপি একটি জনবান্ধব দল। দেশের মানুষ এখন পরিবর্তন চায়, সেই পরিবর্তনের নেতৃত্ব দিতে বিএনপির নেতা-কর্মীদের মাঠে সক্রিয় থাকতে হবে।”

সভাপতির সমাপনী বক্তব্যে মো. খোকন মণ্ডল বলেন, “বাট্টাজোড় ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে বিএনপিকে আরও শক্তিশালী করতে হবে। জনগণের অধিকার ফিরিয়ে আনতে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে।”

অনুষ্ঠানের শেষে ৩নং ওয়ার্ড বিএনপির কমিটির পরিচিতি ঘোষণা করা হয় এবং তবারক বিতরণের মধ্য দিয়ে কর্মী সমাবেশের সমাপ্তি ঘোষণা করা হয়।

Advertisement