Skip to content
প্রকাশ- November 2, 2026 , 18:03 pm
অন্যান্য

ব্রাজিলের জয়ে মাথা ন্যাড়া করলেন আর্জেন্টিনা সমর্থক

ব্রাজিলের জয়ে মাথা ন্যাড়া করলেন আর্জেন্টিনা সমর্থক
মোহাম্মদ গোলাম মোস্তফা।।
ফুটবলপ্রেমীদের উন্মাদনা কখনো কখনো এমন পর্যায়ে পৌঁছে যায় যে, প্রিয় দলকে ঘিরে দেওয়া প্রতিশ্রুতি রাখতে ব্যক্তিগত ত্যাগ স্বীকার করতেও পিছপা হন না সমর্থকেরা। এবার এমনই এক ব্যতিক্রমী ঘটনা ঘটেছে জামালপুরের বকশীগঞ্জ উপজেলায়।
বিশ্বকাপ ফুটবলে ব্রাজিল ও হাইতির মধ্যকার ম্যাচকে ঘিরে এক মজার বাজিতে হেরে নিজের মাথা ন্যাড়া করেছেন আর্জেন্টিনা সমর্থক ফয়সাল আহমেদ জুমান। উপজেলার সূর্যনগর গ্রামের বাসিন্দা ফয়সাল দীর্ঘদিন ধরে আর্জেন্টিনা দলের একনিষ্ঠ সমর্থক হিসেবে পরিচিত।
জানা যায়, শুক্রবার (১৯ জুন) সন্ধ্যায় নিজের ফেসবুক আইডি থেকে তিনি ঘোষণা দেন— হাইতির বিপক্ষে ম্যাচে ব্রাজিল জয়ী হলে তিনি মাথা ন্যাড়া করবেন। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে এবং স্থানীয় ফুটবলপ্রেমীদের মধ্যেও ব্যাপক আলোচনার জন্ম দেয়।
শনিবার (২০ জুন) সকালে অনুষ্ঠিত ম্যাচে ব্রাজিল ৩-০ গোলের ব্যবধানে হাইতিকে পরাজিত করে। ম্যাচ শেষ হওয়ার পরই নিজের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে এগিয়ে আসেন ফয়সাল। আর্জেন্টিনার জার্সি গায়ে দিয়েই সবার সামনে মাথা ন্যাড়া করেন তিনি।
এ সময় ঘটনাটি দেখতে স্থানীয় ফুটবলপ্রেমী, বন্ধু-বান্ধব ও উৎসুক জনতার ভিড় জমে। অনেকে মুহূর্তটি মোবাইল ফোনে ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন। পরে ছবি ও ভিডিওগুলো ব্যাপকভাবে শেয়ার হলে বিষয়টি এলাকায় আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়।
বাজি পূরণের পর ফয়সাল আহমেদ জুমান বলেন, “খেলাধুলা আমাদের বিনোদনের একটি বড় মাধ্যম। বন্ধুদের সঙ্গে মজার ছলে ব্রাজিল সমর্থকদের সঙ্গে বাজি ধরেছিলাম। ব্রাজিল জিতেছে, তাই কথা অনুযায়ী মাথা ন্যাড়া করে নিজের প্রতিশ্রুতি রক্ষা করেছি।”
তার এই ব্যতিক্রমী উদ্যোগ নিয়ে এলাকায় চলছে নানা আলোচনা, আর ফুটবলপ্রেমীদের কাছে ঘটনাটি হয়ে উঠেছে এক ভিন্নধর্মী কৌতূহলের বিষয়।
Advertisement