মুক্তকাল ডেস্ক||
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, ইসি যতই স্বাধীন হোক না কেন সুষ্ঠু নির্বাচন আয়োজন সরকারের সহযোগিতা ছাড়া সম্ভব নয়।
শনিবার (২১ জুন) সকালে রাজধানীর আগারগাঁওয়ে এক আলোচনা সভায় তিনি এ কথা জানান।
এদিন তিনি নির্বাচনী আইন ও বিধি সংক্রান্ত দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেন।
নির্বাচনের তারিখ নিয়ে সরকারের সঙ্গে দেখা করবেন কি না এমন প্রশ্নের জবাবে এ এম এম নাসির উদ্দিন বলেন, ঘটা করে দেখা করার বিষয় না। এখানে আমরা লুকিয়ে কোনো কাজ করছি না। সময় হলে সবকিছু জানবেন। সভা-সমিতি ঘোষণা করে সরকারের সঙ্গে দেখা করার প্রয়োজন নেই। সরকারের কর্মকাণ্ডের সঙ্গে আমরা সম্পৃক্ত এটা ধারণ করেই আমাদের এগিয়ে যেতে হবে।
নির্বাচনী রোডম্যাপ প্রসঙ্গে সিইসি বলেন, কেউ সূচি বলে কেউ রোডম্যাপ বলে। এটা নানাজনে নানাভাবে লেখে। আমরা রোডম্যাপ বলবো না। এটাকে একটা কর্মপরিকল্পনা বলতে পারেন। এই কর্মপরিকল্পনা আমরা শুরু করেছি অনেক আগে থেকে।
প্রত্যেকটা অফিসেরই একটা পরিকল্পনা থাকে জানিয়ে নাসির উদ্দিন বলেন, আমাদেরও একটি কর্মপরিকল্পনা রয়েছে। সেই অনুযায়ী কার্যক্রম এগিয়ে চলছে।




