আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দূরপাল্লার বাসের অগ্রিম টিকিট বিক্রি আজ শুক্রবার থেকে শুরু হয়েছে। টিকিট বিক্রি চলবে সকাল ৬টা থেকে বিকাল ৫টা পর্যন্ত।
বাস মালিকদের সংগঠন বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৯ মে এবং তার পরবর্তী তারিখের টিকিট আজ থেকে সংগ্রহ করা যাচ্ছে।
জানা গেছে, যাত্রীরা অনলাইন এবং সরাসরি কাউন্টার— উভয় মাধ্যমেই টিকিট কিনতে পারবে। তবে কিছু পরিবহণ সংস্থা কেবল অনলাইনে টিকিট বিক্রি করবে।
অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়ে জানতে চাইলে বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শুভঙ্কর ঘোষ রাকেশ জানান, বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষের (বিআরটিএ) নির্ধারিত ভাড়ার তালিকা অনুসরণ করতে হবে এবং কোনো অতিরিক্ত ভাড়া নেওয়া যাবে না। এই বিষয়ে সকল পরিবহন মালিককে নির্দেশনা দেওয়া হয়েছে।
তিনি বলেন, যেহেতু এসি বাসের ভাড়া সরকার নির্ধারণ করে না, তাই পরিবহণ মালিকরা তাদের সেবার মান অনুযায়ী ভাড়া নির্ধারণ করে থাকেন। তবে এবার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এসি বাসের ভাড়া যেন যৌক্তিক ও গ্রহণযোগ্য পর্যায়ে থাকে।




