জুলাই-আগস্ট আন্দোলনের তরুণদের নেতৃত্ব গঠিত নতুন দল ‘জাতীয় নাগরিক পার্টি’ আত্মপ্রকাশ করেছে। নতুন এই দলে সাবেক তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামকে আহ্বায়ক এবং সদস্য সচিব করা হয়েছে আখতার হোসেনকে।
শুক্রবার (২৮ সেপ্টেম্বর) রাজধানীর মানিকমিয়া অ্যাভিনিউতে নতুন রাজনৈতিক দল ও আহ্বায়ক এবং সদস্য সচিবের নাম ঘোষণা করেন জুলাই-আগস্ট আন্দোলনে নিহত শহীদ মোহাম্মদ ইসমাইল হোসেন রাব্বীর বোন মীম আক্তার।
পরে সদস্য সচিব আখতার হোসেন আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করেন।
দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হয়েছেন- শামান্তা শারমিন, আরিফুল ইসলাম আদীব, সিনিয়র যুগ্ম সদস্য সচিব হয়েছেন ডা. তাসনিম জারা, নাহিদা সরওয়ার রিভা, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হয়েছেন হাসনাত আব্দুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক হয়েছেন সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক হয়েছেন আবদুল হান্নান মাসউদ।
এর আগে শুক্রবার বিকাল ৪টা ২০ মিনিটে মানিক মিয়া অ্যাভিনিউতে নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠান পবিত্র কোরআন তেলাওয়াত দিয়ে শুরু হয়। কোরআন তেলাওয়াতের পর গীতা, বাইবেল ও ত্রিপিটক পাঠ করা হয়। এরপর জাতীয় সংগীত গাওয়া হয়।
অনুষ্ঠানে বিএনপি-জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের আনমন্ত্রিত নেতারা, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, রাজনৈতিক দলের নেতা ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নিয়েছেন।
এ ছাড়া রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকা থেকে জড়ো হয়েছেন ছাত্র-জনতা।




