নিজস্ব প্রতিবেদক: গ্যাসের উৎপাদন বাড়িয়ে ২০৩০ সালের মধ্যে চাহিদা ও সরবরাহের পার্থক্য শূন্যে নামিয়ে আনার লক্ষ্য রয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুহিলপুরে তিতাস ২৮ নম্বর কূপ থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ কার্যক্রমের উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, সরকারের কূপ খনন পরিকল্পনার অংশ হিসেবে ইতোমধ্যে ২৯টি কূপ খনন করা হয়েছে। এসব কূপ থেকে উৎপাদন বাড়ানোর মাধ্যমে দেশের গ্যাসের চাহিদা ও সরবরাহের ব্যবধান কমিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে।
তিতাস ২৮ নম্বর কূপ থেকে প্রতিদিন ১২ দশমিক ৫ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে। গত বছরের ১৫ ডিসেম্বর কূপটির খননকাজ শুরু হয়। কাজ শেষ হয় চলতি বছরের ২৭ মে। এরপর ১৯ জুন পরীক্ষামূলকভাবে কূপটি থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু করা হয়।
কূপটির প্রকল্প পরিচালক জসিম উদ্দিন মুন্না জানান, তিতাস ২৮ নম্বর কূপের ওয়েলহেড শাট-ইন প্রেসার ৩ হাজার ৬০০ পিএসআই এবং ফ্লোয়িং প্রেসার ২ হাজার ১০০ পিএসআই। বর্তমানে প্রতিদিন ১২ দশমিক ৫ মিলিয়ন ঘনফুট হারে গ্যাস উত্তোলন করে জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে। দীর্ঘ সময় ধরে কূপটি থেকে গ্যাস উত্তোলন করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।
অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য খালেদ হোসেন মাহবুব, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের সচিব মো. জিয়াউল হক, বিজিএফসিএলের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল জলিল প্রামানিকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

