আগামীকাল শুক্রবার (১০ জানুয়ারি) দুপুর ১২টা থেকে ৭২ ঘণ্টা মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য বন্ধ থাকবে একটি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) টার্মিনাল। এতে সারাদেশে গ্যাস সরবরাহ সাময়িক হ্রাস পাবে ও স্বল্পচাপ বিরাজ করবে।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ করপোরেশনের (পেট্রোবাংলা) উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তারিকুল ইসলাম খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী শুক্রবার দুপুর ১২টা থেকে সোমবার (১৩ জানুয়ারি) দুপুর ১২টা পর্যন্ত মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য মহেশখালীস্থ এক্সিলারেট এনার্জি পরিচালিত এলএনজি ফ্লোটিং স্টোরেজ রিগ্যাসিফিকেশন ইউনিট (এফএসআরইউ) থেকে মোট ৭২ ঘণ্টা আরএলএনজি সরবরাহ বন্ধ থাকবে।
এ সময়কালে অপর এফএসআরইউ (মহেশখালী ভাসমান এলএনজি) দিয়ে দৈনিক প্রায় ৫৫০-৫৬০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ অব্যাহত থাকবে।
এ কারণে দেশের কোন কোন এলাকায় ৭২ ঘণ্টা গ্যাসের স্বল্প চাপ বিরাজ করবে বলেও জানিয়েছে পেট্রোবাংলা।
সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে পেট্রোবাংলা।
মুক্তকাল/এসআর


