সাবেক সংসদ সদস্য মো. হাফিজ ইব্রাহিমের বিরুদ্ধে ত্রাণের টিন আত্মসাতের মামলার কার্যক্রম চলবে বলে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি দিয়েছেন আপিল বিভাগ। তবে আপিল শুনানি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত মামলাটি স্থগিত থাকবে।
রোববার (১২ জানুয়ারি) আপিল বিভাগের বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন বেঞ্চ এই আদেশ দেন।
২০০৭ সালের ১৩ জুন ভোলার বোরহান উদ্দিন উপজেলার টবগী ইউনিয়নের মনিরাম বাজারের পাশে হাফিজ ইব্রাহিম মহাবিদ্যালয় থেকে যৌথবাহিনী ১০০ বান্ডেল ত্রাণের টিন উদ্ধার করে।
এ ঘটনায় বোরহান উদ্দিন উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দুজনকে আসামি করে স্থানীয় থানায় মামলা করেন। পরবর্তীতে ২০০৯ সালের ১৮ জানুয়ারি দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক রামমোহন নাথ অভিযোগপত্র দাখিল করেন।
অভিযোগপত্রে সাবেক সংসদ সদস্য হাফিজ ইব্রাহিম ছাড়াও হাফিজ ইব্রাহিম মহাবিদ্যালয়ের অধ্যক্ষ এবং স্থানীয় বিএনপি নেতা এস এম গজনবী, স্থানীয় চেয়ারম্যান জসিম উদ্দিন চৌধুরী এবং সাবেক ধর্ম প্রতিমন্ত্রী মোশাররফ হোসেন শাহজাহানকে আসামি করা হয়।
মামলার সাক্ষ্যগ্রহণ চলাকালীন ২০১৩ সালের ১ অক্টোবর হাফিজ ইব্রাহিম হাইকোর্টে আবেদন করেন। তিনি তার বিরুদ্ধে থাকা মামলাটি বাতিল করে অব্যাহতি চান।
ওই আবেদনের প্রাথমিক শুনানির পর হাইকোর্ট মামলার কার্যক্রম স্থগিত করেন এবং রুল জারি করেন।
২০১৮ সালের ১১ নভেম্বর বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের হাইকোর্ট বেঞ্চ রুল খারিজ করে দেন।
এরপর হাফিজ ইব্রাহিম আপিল বিভাগে লিভ টু আপিল করেন। আপিল বিভাগের সর্বশেষ আদেশ অনুযায়ী আপিল শুনানি শেষ না হওয়া পর্যন্ত মামলাটি স্থগিত থাকবে।
মামলায় হাফিজ ইব্রাহিমের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। অপরদিকে দুদকের পক্ষে ছিলেন অ্যাডভোকেট আসিফ হোসাইন।
এই আদেশের ফলে আপিল শুনানির পরবর্তী ফলাফলের ওপর নির্ভর করবে মামলার ভবিষ্যৎ।
মুক্তকাল/এসআর




