Skip to content
প্রকাশ- November 2, 2026 , 17:18 pm
মুক্তদেশ

দূরত্বের কোনো প্রশ্ন নেই- জামায়াত প্রশ্নে নজরুল ইসলাম খান

দূরত্বের কোনো প্রশ্ন নেই- জামায়াত প্রশ্নে নজরুল ইসলাম খান

জামায়াতের সঙ্গে কোনো দূরত্ব হয়নি উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, “জামায়াতের সঙ্গে ফরমালি যুগপৎ আন্দোলনে আমরা ছিলাম না। জোটে ছিলাম আমরা, কিন্তু যুগপৎ আন্দোলনে আমাদের সব কর্মসূচি, আর জামায়াতের সব কর্মসূচি এক রকম ছিল না। তারা আন্দোলনে ছিলেন। আমরা আশা করবো, আগামী দিনে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সবাই আমরা থাকবো, তারাও থাকবে।”

শুক্রবার রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে জাতীয়তাবাদী সমমনা জোটের সঙ্গে বিএনপির লিয়াজোঁ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

Advertisement

বৈঠকে বিএনপির পক্ষে উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও বেগম সেলিমা রহমান। জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক এবং ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদের নেতৃত্বে জোটের অন্যান্য নেতারাও বৈঠকে অংশ নেন।

আরেক প্রশ্নের জবাবে নজরুল ইসলাম খান বলেন, “দূরত্বের কোনো প্রশ্ন নেই। তারাও গণতন্ত্র এবং নির্বাচন চায়। তারা মানুষের অধিকারের কথা বলে, আমরাও তাই বলি। তবে যদি কেউ দাবি করে তারা শুধু দেশপ্রেমিক, তাহলে আমাদের কষ্ট লাগবে। আমরা বলব, কথাটা সঠিক নয়। আমরা সবাই দেশপ্রেমিক। আশা করি, এ ধরনের মন্তব্য কেউ করবে না।”

বৈঠকের বিষয়ে তিনি বলেন, “আমরা দেশের বর্তমান রাজনৈতিক, সামাজিক এবং অর্থনৈতিক অবস্থা নিয়ে আলোচনা করেছি। জনগণের দুর্ভোগ এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার বিষয়েও বিশেষ আলোচনা হয়েছে। যে গণতন্ত্রের জন্য বিএনপি এবং জোটভুক্ত অন্যান্য দলের হাজারো মানুষ জীবন দিয়েছে, আহত হয়েছে। এখনো আমাদের বহু নেতাকর্মী মামলা-হামলার শিকার হয়ে আছেন।”

অন্যদিকে, ন্যাশনাল পিপলস পার্টির চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ অন্তর্বর্তী সরকারের প্রতি ন্যূনতম সংস্কার শেষে নির্বাচনের তারিখ ঘোষণার আহ্বান জানান। তিনি বলেন, “সংসদ নির্বাচন হলে দেশের অর্ধেক সমস্যার সমাধান হবে। বাকি সংস্কারগুলো নির্বাচিত সরকার করবে।”

Advertisement

Leave a Comment

Your email address will not be published.