দেশের বৃহত্তম যমুনা রেলওয়ে সেতু দিয়ে পূর্ণগতিতে পরীক্ষামূলক ট্রেন চলাচল শুরু হয়েছে।
রোববার (৫ জানুয়ারি) সকাল ৯টা ২০ মিনিটে একইসঙ্গে আপ ও ডাউন লাইনে ঘণ্টায় ৬০ কিলোমিটার গতিতে ট্রেন চলাচল শুরু হয়।
প্রকল্প পরিচালক আবু ফাত্তাহ মো. মাসুদুর রহমান জানান, এর আগে গত ২৬ নভেম্বর সর্বোচ্চ ৪০ কিলোমিটার গতিতে পরীক্ষামূলক ট্রেন চালানো হয়েছিল। আজ প্রথমে ৬০ কিলোমিটার, পরে পর্যায়ক্রমে ৮০, ৯০, ১০০, ১১০ এবং সর্বোচ্চ ১২০ কিলোমিটার গতিতে ট্রেন চালানো হবে। এই পরীক্ষায় সেতুর কার্যকারিতা এবং সম্ভাব্য ভুলত্রুটি চিহ্নিত করা হবে।
পরীক্ষামূলক ট্রেন চলাচল আগামীকাল সোমবার পর্যন্ত চলবে। সবকিছু ঠিক থাকলে সেতুটি দ্রুত উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন প্রকল্প পরিচালক।
প্রকল্পের পটভূমি
- শুরু: ২০২০ সালের আগস্ট
- প্রাথমিক ব্যয়: ৯,৭৩৪.৭ কোটি টাকা
- বর্তমান ব্যয়: ১৬,৭৮০.৯৬ কোটি টাকা
- ঋণদাতা: জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন অ্যাজেন্সি (জাইকা) (১২,১৪৯.২ কোটি টাকা)
- ঠিকাদারি প্রতিষ্ঠান: জাপানি কোম্পানি ওটিজি ও আইএইচআই জয়েন্টভেঞ্চার
সময়সীমা
প্রকল্পটি ২০১৬ সালের ৬ ডিসেম্বর একনেকে অনুমোদিত হয়। কাজ শেষ হওয়ার কথা ছিল ২০২৩ সালের ডিসেম্বরে। তবে সময়সীমা বাড়িয়ে ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।
যমুনা রেলওয়ে সেতু দেশের রেল যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে একটি মাইলফলক। এটি চালু হলে দেশের উত্তর ও দক্ষিণাঞ্চলের মধ্যে রেল যোগাযোগ আরও সহজ, দ্রুত এবং কার্যকর হবে।
মুক্তকাল/এসআর

