থার্টি ফার্স্ট নাইটে আতশবাজি, পটকা ফোটানো এবং ফানুস উড়ানো বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে পরিবেশ মন্ত্রণালয়। মোবাইল কোর্ট পরিচালনা করবে বলে জানিয়েছেন বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকালে সিনেট ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় তিনি বলেন, “গণমাধ্যমকে বিশেষভাবে অনুরোধ করছি, আজ সন্ধ্যার পর থেকে যেন কোনো আতশবাজি, পটকা না ফোটানো হয়। মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে এসব কার্যক্রম বন্ধ করা হবে।”
সৈয়দা রিজওয়ানা হাসান জানান, গাছ সুরক্ষার জন্য নতুন একটি আইন প্রণয়ন করা হচ্ছে, যেখানে পেরেক ঠুকে বিজ্ঞাপন লাগানো বন্ধের বিধান যুক্ত করা হবে। এই আইনের আওতায় শাস্তির ব্যবস্থাও থাকবে।
এর আগে, সোমবার পরিবেশ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আতশবাজি ও পটকা ফোটানো এবং ফানুস উড়ানো পরিবেশের জন্য ক্ষতিকর। এসব কার্যক্রমের ফলে শব্দদূষণ ও বায়ুদূষণ হয়, যা মানুষের হৃদরোগ, স্ট্রোক এবং মানসিক চাপের ঝুঁকি বাড়ায়। এছাড়া, ফানুস উড়ানোর ফলে অগ্নিকাণ্ডের ঝুঁকি এবং জীববৈচিত্র্যের ক্ষতি হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০০৬ অনুযায়ী এসব কার্যক্রম দণ্ডনীয় অপরাধ। প্রথমবার আইন লঙ্ঘনে ১ মাসের কারাদণ্ড বা ৫ হাজার টাকা জরিমানা বা উভয় দণ্ড হতে পারে। পুনরায় অপরাধ করলে ৬ মাসের কারাদণ্ড বা ১০ হাজার টাকা জরিমানা বা উভয় দণ্ড দেওয়া হবে।
পরিবেশ রক্ষায় এই পদক্ষেপ নেওয়া হলেও জনসচেতনতা বাড়ানোর ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
মুক্তকাল/এসআর
