সচিবালয়ে আগুন নেভানোর সময় কাভার্ডভ্যান চাপায় মো. সোহানুজ্জামান নয়ন নামে ফায়ার সার্ভিসের এক কর্মী নিহত হয়েছেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার সকালে ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
নিহত নয়ন তেজগাঁও ফায়ার টিমের স্পেশাল ব্রাঞ্চের সদস্য ছিলেন এবং রংপুরের মিঠাপুকুরের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানান, সচিবালয়ের আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ওই কর্মী বিকল্প পানির ব্যবস্থা করছিলেন। এ সময় পাইপ কাঁধে নিয়ে রাস্তা পার হতে গিয়ে হঠাৎ একটি দ্রুতগামী কাভার্ডভ্যান পেছন থেকে তাকে ধাক্কা দিলে তিনি রাস্তায় পড়ে যান।
ওই কাভার্ডভ্যান চালক দ্রুত গতিতে পালিয়ে যাওয়ার সময় শিক্ষার্থীরা সামনে গিয়ে ব্যারিকেড দিলে চালক কাভার্ডভ্যান থামান। সেখান থেকে তাকে মোটরসাইকেলে করে তুলে নিয়ে এসে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের কাছে হস্তান্তর করেন শিক্ষার্থীরা।
