উপদেষ্টা কমিটি ও ব্যবসায়ীদের মধ্যস্থতায় সমস্যা সমাধানের আশ্বাসে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মকর্তা-কর্মচারীদের কমপ্লিট শাটডাউনসহ সব কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে।
রোববার (২৯ জুন) রাতে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান এনবিআর সংস্কার ঐক্য পরিষদের সভাপতি হাসান মাহমুদ তারেক।
এ বিষয়ে বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের (বিসিআই) সভাপতি আনোয়ারুল আলম চৌধুরী পারভেজ বলেন, শাটডাউনের যৌক্তিক কোনো কারণ ছিল না। ভুল বোঝাবুঝির কারণে এসব হয়েছে। আমরা ব্যবসায়ীরা মধ্যস্থতা করব। আগামীতে যেন কোনো ধরনের সমস্যা না হয় সেটা নিয়ে সরকার আমাদের আশ্বস্ত করেছে।
এর আগে বিকেলে এনবিআর কর্মীদের কমপ্লিট শাটডাউন কর্মসূচির মধ্যে অর্থ উপদেষ্টার সাথে বৈঠকে বসেন ব্যবসায়ী নেতাদের দশ সদস্যের প্রতিনিধি দল।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের সচিব এবং এনবিআর চেয়ারম্যান।
জানা গেছে, বৈঠকে এনবিআর কর্মীদের কমপ্লিট শাটডাউনের কারণে ব্যবসা বাণিজ্যের ক্ষয়ক্ষতির বিষয় তুলে ধরে সরকারের কাছে দ্রুত সমস্যা সমাধানের দাবি জানান ব্যবসায়ীরা।
এদিকে এনবিআর কর্মকর্তা-কর্মচারীদের আন্দোলনকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় পাঁচ সদস্যের উপদেষ্টা কমিটি গঠন করেছে অন্তর্বর্তী সরকার।
জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খানের সভাপতিত্বে পাঁচ সদস্যের উপদেষ্টা কমিটি গঠন করা হয়।




