যারা নির্বাচনকে ভয় পায় তারাই নতুন ইস্যু খুঁজছে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স।
রোববার (২৯ জুন) বিকেলে ময়মনসিংহের হালুয়াঘাট সদর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স মাঠে ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশে তিনি বলেন।
সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, “যারা বারবার জনগণ দ্বারা প্রত্যাখ্যাত হয়েছে, তারাই নির্বাচন বিলম্বিত ও অনিশ্চিত করতে চায়। তারা জানে, নিরপেক্ষ নির্বাচনে তাদের প্রাপ্তি কী হবে। তাই তারা এখন নির্বাচন ছাড়াই ক্ষমতায় থাকার পথ খুঁজছে।”
তিনি আরও বলেন, “লন্ডনে প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের বৈঠকে রোজার আগেই নির্বাচনের টাইমলাইন নির্ধারণের পর কিছু দল দিশেহারা হয়ে পড়েছে। তাই তারা নির্বাচন পিছিয়ে দেওয়ার নানা চক্রান্তে লিপ্ত।”
সমাবেশে সভাপতিত্ব করেন হালুয়াঘাট উপজেলা বিএনপির আহ্বায়ক আসলাম মিয়া বাবুল।
সঞ্চালনায় ছিলেন সদস্য সচিব আবু হাসনাত বদরুল কবির।
এ ছাড়া উপস্থিত ছিলেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক এনায়েত উল্লাহ কালাম, যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকির হোসেন বাবলু, সদস্য সচিব রোকনুজ্জামান সরকার রোকন, হালুয়াঘাট পৌর বিএনপির আহ্বায়ক হানিফ মোহাম্মদ শাকের উল্লাহ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আমজাদ আলীসহ অন্যান্য নেতাকর্মীরা।




