জ্ঞান ফিরেছে হার্ট অ্যাটাকে লাইফ সাপোর্টে থাকা জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালের। একইসঙ্গে রিবারের সদস্যদের সঙ্গে তিনি কথাও বলেছেন।
সোমবার (২৪ মার্চ) মোহামেডানের হয়ে ডিপিএলের ম্যাচ খেলতে সাভারের বিকেএসপি মাঠে হাজির হয়েছিলেন তামিম। তবে ম্যাসিভ হার্ট অ্যাটাক করে সাভারের একটি হাসপাতালে ভর্তি করানো হয় জাতীয় দলের সাবেক এই অধিনায়ককে।
সাভারের কেপিজে হাসপাতালে তামিমের হার্টে একটি রিং পরানো হয়েছে। তার অবস্থার এখন কিছুটা উন্নতি হয়েছে। তবে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন তিনি।
জাতীয় দলের সাবেক এই ওপেনারের জ্ঞান ফিরেছে বলে জানিয়েছেন সিসিডিএম সমন্বয়কারী সাব্বির আহমেদ রুবেল।
তিনি বলেন, ‘জ্ঞান ফিরে পেয়েছেন তামিম এবং তিনি পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছেন।’
এর আগে তামিমের হার্টে সফলভাবে রিং পরানো হয়। কেপিজি হাসপাতালের মিডিয়া পরিচালক ড. রাজীব হাসান এক ব্রিফিংয়ে বলেন, আল্লাহর রহমতে উনার অবস্থা অনুকূলে আছে। উনার একটা হার্ট অ্যাটাক হয়েছে, এটার জন্য এনজিওগ্রাম করে এনজিওপ্লাস্ট ও স্টেন্ট করা হয়েছে। স্টেন্টিং খুব স্মুথ ও কার্যকরভাবে হয়েছে। এটা করেছেন ডা. মনিরুজ্জামান মারুফ। উনার ব্লকটা পুরোপুরি চলে গেছে এখন।
তিনি বলেন, এখনো উনি পর্যবেক্ষণে আছে, গুরুতর অবস্থা এখনো কাটেনি। এটা একটু সময় লাগবে। সবাই উনার জন্য প্রাণপণ চেষ্টা করছি।




