স্টাফ রিপোর্টার: ময়মনসিংহ নগরীর আকুয়া বাইপাসের গন্দ্রপা এলাকায় বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার সাত যাত্রী নিহত হয়েছেন।
শুক্রবার (২ অক্টোবর) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দুপুর দেড়টার দিকে জামালপুর থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা রাজীব পরিবহনের একটি বাস আকুয়া বাইপাসের গন্দ্রপা এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এ সময় বাসটি একটি চলন্ত অটোরিকশাকে ধাক্কা দিয়ে সেটির ওপর উঠে যায়।
এতে অটোরিকশায় থাকা সাত যাত্রী ঘটনাস্থলেই নিহত হন।
দুর্ঘটনার পর আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে এসে উদ্ধার তৎপরতা শুরু করেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজে অংশ নেয়। দুর্ঘটনার কারণে ওই সড়কে কিছু সময় যান চলাচল ব্যাহত হয়।
তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। তাদের পরিচয় শনাক্তের কাজ চলছে বলে জানিয়েছে পুলিশ।


