Skip to content
প্রকাশ- November 2, 2026 , 16:00 pm
দূর্ঘটনা

বকশীগঞ্জে পুলিশের ওপর হামলা, মাদক ব্যবসায়ী ছিনিয়ে নিলো হামলাকারীরা — আটক ৪

বকশীগঞ্জে পুলিশের ওপর হামলা, মাদক ব্যবসায়ী ছিনিয়ে নিলো হামলাকারীরা — আটক ৪

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি:
জামালপুরের বকশীগঞ্জে পুলিশের ওপর সংঘবদ্ধ হামলা চালিয়ে এক মাদক ব্যবসায়ীকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। বুধবার (৮ অক্টোবর) রাত ৯টার দিকে পৌর শহরের সওদাগর পাড়া এলাকায় এ হামলার ঘটনা ঘটে। এতে এক এসআই ও এক কনস্টেবল আহত হন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বকশীগঞ্জ থানার একটি দল অভিযান চালিয়ে সওদাগর পাড়ার বাসিন্দা সুরুজ আলীর ছেলে লিটন মিয়াকে (৪৫) ১০০ পিস ইয়াবাসহ আটক করে।

Advertisement

তবে পুলিশ লিটনকে নিয়ে যাওয়ার সময় তার পরিবারের সদস্য ও সহযোগীরা সংঘবদ্ধভাবে পুলিশের ওপর হামলা চালায়। একপর্যায়ে হামলাকারীরা পুলিশের কাছ থেকে লিটন মিয়াকে ছিনিয়ে নেয়। হামলায় এসআই রাসেল আহাম্মেদ ও কনস্টেবল আমিরুল ইসলাম গুরুতর আহত হন। বর্তমানে তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে ওই এলাকার চারজনকে আটক করে।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ বলেন, “এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধাদানকারীদের কাউকে ছাড় দেওয়া হবে না। জড়িতদের আইনের আওতায় আনা হবে।”

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Advertisement