Skip to content
প্রকাশ- November 2, 2026 , 15:19 pm
দূর্ঘটনা

মাদারগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

মাদারগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

Oplus_131072

মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় পানিতে ডুবে মোহাম্মদ শান (২) নামে এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। বুধবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার গুনারিতলা ইউনিয়নের বাকুরচর ঘোনাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শান সোহেল মিয়ার একমাত্র সন্তান।

Advertisement

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো সেদিন সকালেও বাড়ির উঠানে খেলছিল ছোট্ট শান। শিশুটি হাঁটতে-দৌড়াতে শিখেছে মাত্র কয়েক মাস হলো। পরিবারের সদস্যরা গৃহস্থালির কাজে ব্যস্ত থাকায় এক পর্যায়ে অগোচরে বাড়ির পাশের পুকুরের দিকে চলে যায় সে। কিছু সময় পর শানকে দেখতে না পেয়ে তার মা ও দাদা-দাদী চারপাশে খোঁজাখুঁজি শুরু করেন। বাড়ির পাশের একটি পুকুরে ছেলেটিকে ভাসতে দেখে প্রতিবেশীরা চিৎকার শুরু করলে পরিবারের লোকজন এসে তাকে উদ্ধার করেন।

উদ্ধারের পর শিশুটিকে দ্রুত মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. আবু রায়হান বলেন, “শিশুটিকে হাসপাতালের আনার আগেই তার মৃত্যু হয়েছে। পানিতে ডুবে শ্বাসনালীতে পানি প্রবেশ করায় শ্বাসরোধ হয়ে মৃত্যু ঘটে।”

শিশুটির মৃত্যুতে পরিবারে কান্নার রোল পড়ে যায়। একমাত্র সন্তানের এমন অকাল মৃত্যু মেনে নিতে পারছেন না তার বাবা-মা। প্রতিবেশীরা জানান, শিশুটি খুব চঞ্চল ও সবার আদরের ছিল। তার মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় জনপ্রতিনিধিরা ঘটনাস্থল পরিদর্শন করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। একই সঙ্গে শিশুদের বাড়ির আশপাশে নজরদারি বৃদ্ধি এবং পুকুর-খাল-জলাশয়ের চারপাশে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের আহ্বান জানান

Advertisement