মুক্তকাল ডেস্ক:
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যানের অপসারণের দাবিতে সারা দেশের মতো দিনাজপুরের হিলি স্থলবন্দরেও কাস্টমস কর্মকর্তা-কর্মচারীরা কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছেন।
শনিবার (২৮ জুন) সকাল থেকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে তারা এই কর্মসূচি পালন শুরু করেন।
এই আন্দোলনে হিলি কাস্টমস অফিস খোলা থাকলেও কার্যত কোনো কার্যক্রম পরিচালিত হচ্ছে না। কর্মকর্তা-কর্মচারীরা অফিসে উপস্থিত থাকলেও কর্মবিরতি পালন করছেন।
এদিকে, সকাল থেকে বন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও দুপুর সাড়ে ১২টার পর সীমিত পরিসরে পণ্য আমদানি শুরু হয়। তবে কাস্টমস কর্মকর্তাদের কর্মবিরতির কারণে ব্যবসায়ীরা পণ্যের বিল অব এন্ট্রি জমা দেওয়া, পরীক্ষণ ও শুল্কায়ন কার্যক্রম সম্পন্ন করতে পারছেন না, ফলে খালাস প্রক্রিয়া বন্ধ রয়েছে।
হিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ফেরদৌস রহমান বলেন, “কাস্টমস কর্মকর্তা-কর্মচারীদের এই শাটডাউন কর্মসূচির কারণে আমদানিকৃত পণ্য খালাস করতে পারছি না। এতে ব্যবসায়ীরা চরম ক্ষতির মুখে পড়েছেন।”
তিনি অবিলম্বে কর্মসূচি প্রত্যাহারের জন্য সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন।




