ন্যূনতম সংস্কার শেষে দ্রুত জাতীয় নির্বাচন আয়োজন হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জাতীয় ঐকমত্য কমিশনের প্রথম বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমির সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে প্রধান উপদেষ্টা কথা বলেছেন। আমরাও নিজেদের কথা তুলে ধরেছি। এই ঐক্যমঞ্চের মধ্য দিয়ে ঐকমত্যের ভিত্তিতে ন্যূনতম সংস্কার কাজ শেষে দ্রুতই জাতীয় নির্বাচন আয়োজন সম্পন্ন হবে বলে মনে করি।
স্থানীয় নির্বাচনের বিষয়ে বিএনপি মহাসচিব বলেন, আমরা বলেছি, জাতীয় সংসদ নির্বাচন সবার আগে হতে হবে। তারপরে স্থানীয় নির্বাচন।
প্রাথমিকভাবে আলোচনা শুরু হয়েছে জানিয়ে তিনি বলেন, আলোচনা চলবে। সবার মতামতের ভিত্তিতেই নির্বাচন আয়োজন হবে।
এদিকে নির্বাচন আয়োজন নিয়ে ঐকমত্যের বৈঠকে দেশের ২৬টি দল এবং জোটের ১০০ জনের মতো প্রতিনিধি অংশ নেন। বৈঠকে সভাপতিত্ব করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।




