মাদারগঞ্জ প্রতিনিধি:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ সামনে রেখে জামালপুর-৩ (মেলান্দহ–মাদারগঞ্জ) আসনে নির্বাচনী উত্তাপ বাড়তে শুরু করেছে। এ ধারাবাহিকতায় স্বতন্ত্র এমপি প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন জামালপুর জেলা বিএনপির উপদেষ্টা সদস্য ও মাদারগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ ফায়েজুল ইসলাম লাঞ্জু।
বুধবার দুপুরে মাদারগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সুমন চৌধুরী এবং উপজেলা নির্বাচন কর্মকর্তা এনামুল হকের কাছ থেকে তিনি নিজে এবং তার সহধর্মিণী সোনিয়া ইসলামের নামে মনোনয়নপত্র সংগ্রহ করেন।
এ সময় মাদারগঞ্জ উপজেলা সহকারী নির্বাচন কর্মকর্তা গোলাম সরোয়ার সজিবসহ স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ ফায়েজুল ইসলাম লাঞ্জুর বিপুল সংখ্যক কর্মী-সমর্থক উপস্থিত ছিলেন। মনোনয়নপত্র সংগ্রহকে ঘিরে উপজেলা নির্বাচন কার্যালয় এলাকায় উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা যায়।
এদিকে একই দিনে আমার বাংলাদেশ (এবি) পার্টির মনোনীত প্রার্থী হিসেবে জামালপুর-৩ আসনের জন্য ইঞ্জিনিয়ার লিপসনও মনোনয়নপত্র সংগ্রহ করেন। এতে করে জামালপুর-৩ আসনে নির্বাচনী প্রতিযোগিতা আরও জোরালো হবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
স্থানীয়ভাবে ধারণা করা হচ্ছে, মনোনয়নপত্র সংগ্রহের মধ্য দিয়ে আগামী দিনের নির্বাচনী মাঠে প্রার্থীদের প্রচারণা ও রাজনৈতিক তৎপরতা আরও দৃশ্যমান হবে।




