মুক্তকাল রিপোর্টার:
ভারতীয় নাগরিকদের জন্য ভিসা সার্ভিস সাময়িকভাবে স্থগিত করেছে বাংলাদেশ। রাজধানী দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন এ সিদ্ধান্ত নিয়েছে। সোমবার (২২ ডিসেম্বর) দূতাবাস সূত্রে এ তথ্য জানা গেছে।
দূতাবাস সূত্র জানায়, সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ও ভারতের মধ্যকার কূটনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উল্লেখ্য, পতিত সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগের বহু নেতা এবং কয়েকজন সাবেক সেনা কর্মকর্তাকে ভারত আশ্রয় দিয়েছে—এ বিষয়টি নিয়ে দুই দেশের মধ্যে দীর্ঘদিন ধরেই অসন্তোষ বিরাজ করছে। বিশেষ করে গত বছরের ৫ আগস্টের পর থেকে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও টানাপোড়েনের মধ্য দিয়ে যাচ্ছে।
এরই মধ্যে গত ১২ ডিসেম্বর জুলাই আন্দোলনের অন্যতম যোদ্ধা শরিফ ওসমান বিন হাদিকে গুলি করার ঘটনা ঘটে। এক সপ্তাহ চিকিৎসাধীন থাকার পর ১৮ ডিসেম্বর তিনি মারা যান। এ ঘটনায় সারা দেশে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয় এবং বিভিন্ন স্থানে বিক্ষোভ-প্রতিবাদ অনুষ্ঠিত হয়।
এই ঘটনার পর বাংলাদেশে অবস্থিত ভারতীয় হাইকমিশনের সামনেও বিক্ষোভ হয়। বিক্ষোভকারীদের দাবি, হামলার সঙ্গে জড়িত ব্যক্তি ও তার সহযোগীরা ভারতে পালিয়ে গিয়ে আশ্রয় নিয়েছে। একই সময়ে ভারতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের সামনেও উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়। একপর্যায়ে কিছু উগ্রবাদী গোষ্ঠী হাইকমিশন প্রাঙ্গণে অনুপ্রবেশের চেষ্টা করে এবং হাইকমিশনারকে হুমকি দেওয়ার অভিযোগ ওঠে।
এ ঘটনার পর ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনারকে তলব করে কড়া প্রতিবাদ জানায় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। পাল্টা পদক্ষেপ হিসেবে দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনারকেও তলব করে ভারত সরকার।
এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেই দিল্লিস্থ বাংলাদেশ হাইকমিশন ভারতীয়দের জন্য ভিসা সার্ভিস সাময়িকভাবে স্থগিত করার ঘোষণা দেয়।
ভারতীয়দের জন্য ভিসা সার্ভিস সাময়িক স্থগিত করল বাংলাদেশ
Oplus_131072




