স্টাফ রিপোর্টার:
প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২৫,
বাংলাদেশ জামায়াতে ইসলামীতে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন বিএনপির সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আক্তারুজ্জামান। শনিবার সকালে রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে দলটির আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর তিনি জামায়াতে ইসলামীতে যোগ দেন।
দলের কেন্দ্রীয় প্রচার বিভাগের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সাক্ষাৎকালে জামায়াত আমিরের উপস্থিতিতে মেজর (অব.) আক্তারুজ্জামান বাংলাদেশ জামায়াতে ইসলামীর নীতি ও আদর্শ, দেশপ্রেম এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় দলের অবিচল অবস্থানের প্রতি গভীর আস্থা ও সন্তোষ প্রকাশ করেন। এ সময় তিনি সংগঠনের প্রাথমিক সহযোগী সদস্য ফরম পূরণ করে আনুষ্ঠানিকভাবে দলটিতে যোগদান করেন।
এসময় তিনি ইসলাম ও ইসলামী মূল্যবোধ, দেশের স্বার্থ এবং স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় জীবনের অবশিষ্ট সময় উৎসর্গ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি জামায়াতে ইসলামীর নিয়ম-নীতি, আদর্শ, দলীয় শৃঙ্খলা ও আনুগত্যের প্রতি সর্বদা অনুগত থাকার অঙ্গীকার করেন।
উল্লেখ্য, মেজর (অব.) আক্তারুজ্জামান বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের একজন বীর মুক্তিযোদ্ধা, প্রবীণ রাজনীতিবিদ ও বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনের গুরুত্বপূর্ণ নেতৃত্বদানকারী ব্যক্তিত্ব। স্বাধীনতার পর থেকে তিনি রাজনীতি ও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে নিজেকে সম্পৃক্ত রেখেছেন। তিনি বাংলাদেশ সেনাবাহিনীর একজন অবসরপ্রাপ্ত মেজর এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে কিশোরগঞ্জ-২ আসন থেকে দুইবার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। মুক্তিযোদ্ধাদের মর্যাদা ও ন্যায্য অধিকার আদায়ে তিনি এখনো সক্রিয় ভূমিকা পালন করে যাচ্ছেন।




