আগামী গ্রীষ্মে গরমের মাত্রা ও বিদ্যুৎ উৎপাদনের ওপর লোডশেডিং নির্ভর করবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।
শনিবার (৮ মার্চ) বিকেলে চট্টগ্রাম নগরীর দক্ষিণ আগ্রাবাদে আবিদারপাড়া এলাকা পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন।
ফাওজুল কবির খান বলেন, সরকার এলএনজি আমদানি বৃদ্ধি, ট্রান্সফরমার মেরামত এবং বিদ্যুৎ সরবরাহের উন্নয়নে কাজ করছে। বিদ্যুৎ বিতরণের ক্ষেত্রে শহর ও গ্রামের মধ্যে ভারসাম্য বজায় রাখা হবে।
বিদ্যুতের অপব্যবহার রোধ করতে হবে জানিয়ে তিনি বলেন, অবৈধ সংযোগ বন্ধ করতে হবে। এসি ২৫ ডিগ্রি সেলসিয়াস বা তার ওপরে রাখা উচিত, যা বিদ্যুৎ সাশ্রয়ে সহায়ক হবে।
ফাওজুল কবির খান বলেন, চট্টগ্রাম নগরীতে জলাবদ্ধতা নিরসন প্রকল্পে অনিয়ম-দুর্নীতির অভিযোগ দুর্নীতি দমন কমিশন (দুদক) তদন্ত করবে। আমাদের কাজ হচ্ছে জলাবদ্ধতা নিরসনে সিটি করপোরেশন, সিডিএসহ অন্যান্য সংস্থাকে সহযোগিতা করা।




