সাইদুর রহমান, শহর প্রতিনিধি
২০০৬ সালের ২৮শে অক্টোবর পল্টন ময়দানে সংঘটিত ভয়াবহ গণহত্যার স্মরণে “পল্টন ট্র্যাজেডি দিবস” পালন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী জামালপুর শহর শাখা। দিবসটি উপলক্ষে মঙ্গলবার সন্ধ্যা ৬টায় শহরের হিলফুল ফুজুল ট্রাস্ট মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামালপুর শহর আমীর আল ইমরান সুজন এবং সঞ্চালনায় ছিলেন শহর সেক্রেটারি নাজমুল হক মাসুদ।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডভোকেট ছামিউল ইসলাম, বায়তুলমাল সম্পাদক, বাংলাদেশ জামায়াতে ইসলামী জামালপুর জেলা শাখা।
বিশেষ অতিথি ছিলেন জাকিউল ইসলাম, শুরা সদস্য, জামায়াতে ইসলামী জামালপুর জেলা শাখা।
এছাড়াও উপস্থিত ছিলেন শহর শুরা সদস্য জিয়াউল কবীর, সহকারী সেক্রেটারি ফরহাদ রেজা, পেশাজীবী সংগঠনের প্রতিনিধি জিল্লুর রহমান, এবং শহরের বিভিন্ন ওয়ার্ডের দায়িত্বশীল ও কর্মীবৃন্দ।
জামালপুর জেলার বকশীগঞ্জ, মাদারগঞ্জ ও দেওয়ানগঞ্জ উপজেলাসহ বিভিন্ন স্থানে মিছিল, সমাবেশ, র্যালি ও আলোচনা সভার মাধ্যমে দিবসটি পালন করা হয়।
সভায় বক্তারা বলেন, ২০০৬ সালের ২৮শে অক্টোবর আওয়ামী ফ্যাসিস্ট বাহিনী লগি-বৈঠা নিয়ে পল্টন ময়দানে জামায়াত-শিবিরসহ সাধারণ মানুষের ওপর নৃশংস গণহত্যা চালায়। তারা নিরীহ মানুষকে হত্যা করে মৃতদেহের ওপর নৃত্য করে যে নিষ্ঠুরতার দৃষ্টান্ত স্থাপন করেছিল, তা মানব ইতিহাসে কলঙ্কজনক অধ্যায় হিসেবে স্মরণীয় থাকবে।
বক্তারা আরও বলেন, সেদিন জামায়াতের শান্তিপূর্ণ সমাবেশ চলছিল, অথচ হঠাৎ করে আওয়ামী সন্ত্রাসীরা হামলা চালায়। একই সময়ে বিএনপির সমাবেশে কোনো বাধা দেওয়া হয়নি। পল্টনের সেই রক্তাক্ত দিন বাংলাদেশের ইতিহাসে অমানবিক সহিংসতার এক ভয়াবহ উদাহরণ হয়ে থাকবে।
তারা বলেন, শহীদদের রক্ত বৃথা যেতে দেওয়া হবে না। শহীদদের আদর্শ বুকে ধারণ করে সবাইকে সংগঠন শক্তিশালী করতে হবে এবং জামালপুরকে একটি মডেল সংগঠনে পরিণত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
পরিশেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করা হয় এবং “পল্টন ট্র্যাজেডি দিবস”-এর আলোচনা সভার সমাপ্তি ঘোষণা করা হয়।




