মো. বেলাল হোসাইন, জাবিপ্রবি প্রতিনিধিঃ
জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (জাবিপ্রবি) ‘জুলাই গণঅভ্যুত্থান’-এর স্মরণে আয়োজিত ‘জুলাই স্মৃতি ২০২৪ আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট’ চূড়ান্ত পর্বে পৌঁছেছে। আগামী ৩০ জুলাই অনুষ্ঠিতব্য ফাইনাল ম্যাচে শিরোপার জন্য লড়বে ব্যবস্থাপনা বিভাগ ও গণিত বিভাগ।
গত ১৫ জুলাই সাতটি বিভাগের অংশগ্রহণে শুরু হয় এই টুর্নামেন্ট। উদ্বোধনী ম্যাচে ব্যবস্থাপনা ও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের মধ্যকার খেলা দিয়েই টুর্নামেন্টে উত্তেজনার সূচনা হয়। পরবর্তীতে প্রতিটি ম্যাচে জমজমাট লড়াই দেখা যায়। ২৩ জুলাই গ্রুপপর্ব শেষ হয় এবং সেমিফাইনালের জন্য গ্রুপ ‘এ’ থেকে ব্যবস্থাপনা ও গণিত বিভাগ এবং গ্রুপ ‘বি’ থেকে সমাজকর্ম ও ফিশারিজ বিভাগ জায়গা করে নেয়।
২৭ জুলাই অনুষ্ঠিত প্রথম সেমিফাইনালে ব্যবস্থাপনা ও ফিশারিজ বিভাগের খেলা নির্ধারিত সময় ও অতিরিক্ত সময়েও গোলশূন্য থাকার পর গড়ায় টাইব্রেকারে। স্নায়ুচাপপূর্ণ টাইব্রেকারে ৫-৪ ব্যবধানে জয় নিয়ে ফাইনাল নিশ্চিত করে ব্যবস্থাপনা বিভাগ।
পরদিন, ২৮ জুলাই দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হয় গণিত ও সমাজকর্ম বিভাগ। ম্যাচের শুরু থেকেই দু’দলের আক্রমণ-পাল্টা আক্রমণে উত্তেজনা ছড়িয়ে পড়ে। নির্ধারিত সময়েই গণিত বিভাগের জাকির হোসেনের একমাত্র গোলে ১-০ ব্যবধানে জয় পেয়ে ফাইনালে জায়গা করে নেয় গণিত বিভাগ।
টুর্নামেন্ট ঘিরে পুরো ক্যাম্পাসে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। মাঠের ঘাস থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রতিটি প্ল্যাটফর্মে এই আয়োজন ঘিরে ব্যাপক আলোচনা চলছে। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও ক্রীড়াসুলভ মনোভাব ক্যাম্পাসে এক অনন্য প্রাণচাঞ্চল্যের সৃষ্টি করেছে।
টুর্নামেন্ট সম্পর্কে জাবিপ্রবির ক্রীড়া দপ্তরের ভারপ্রাপ্ত উপ-পরিচালক ড. সৈয়দ নাজমুল হুদা বলেন, সাতটি বিভাগের অংশগ্রহণে প্রতিটি খেলা অত্যন্ত উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। শিক্ষার্থীদের অংশগ্রহণ ও ক্রীড়া চেতনা আমাদের গর্বিত করেছে। আশা করি, ফাইনাল ম্যাচেও এই প্রাণচাঞ্চল্য অব্যাহত থাকবে এবং আমরা একটি স্মরণীয় খেলা উপভোগ করতে পারব।”
৩০ জুলাইয়ের ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে শিক্ষার্থী, শিক্ষক, খেলোয়াড় ও দর্শকদের মাঝে দেখা যাচ্ছে বিপুল উৎসাহ-উদ্দীপনা। সবার প্রত্যাশা, ফাইনাল ম্যাচটি হবে এক রোমাঞ্চকর ও স্মরণীয় মহারণ, যা ‘জুলাই স্মৃতি’র গুরুত্বকে আরও সমুজ্জ্বল করবে।



