গাইবান্ধার সাঘাটা থানায় দায়িত্ব পালন করা অবস্থায় মহসিন আলী নামে এক এএসআইকে ছুরিকাঘাত করে পালিয়েছেন এক দুর্বৃত্ত। বর্তমানে তিনি হাসপাতালে ভর্তি আছেন।
বৃহস্পতিবার (২৪ জুলাই) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাত ১০টার দিকে দায়িত্বরত সেন্ট্রি সিরাজুল ইসলামের অস্ত্র ধরে এক ব্যক্তি টানাটানি শুরু করে। এরপর দায়িত্বরত এএসআই মহসিন আলী সেই ব্যক্তিকে অস্ত্র নিতে বাধা দিলে সে ছুরিকাঘাত করে। এ সময় হাতের একটি নখে ও কপালে ছুরিকাঘাত করে সেই দুর্বৃত্ত।
এ সময় পুলিশ সদস্য চিৎকার করলে থানা পুলিশের পাশাপাশি স্থানীয়রা ছুটে আসে। পরে তারা ওই দুর্বৃত্তকে ধাওয়া করলে সে দৌড়ে পাশের সাঘাটা পাইলট উচ্চ বিদ্যালয়ের পুকুরে লাফিয়ে পড়ে আত্মগোপন করে। পুকুরটি কচুরিপানায় পরিপূর্ণ হওয়ায় তাকে খুঁজে বের করা সম্ভব হয়নি।
ঘটনার পর থেকেই থানার পুলিশ, ফায়ার সার্ভিস এবং স্থানীয় শত শত মানুষ হামলাকারীকে খুঁজে বের করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।
সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাদশা আলম বলেন, আঘাত করা ব্যক্তিটির মানসিক সমস্যা ছিল। সে মূলত দায়িত্বরত সেন্ট্রি সিরাজুল ইসলামের অস্ত্র ধরে টানাটানি করছিল। এএসআই মহসিন সেই দুর্বৃত্তকে নিষেধ ও সরিয়ে দেওয়ার চেষ্টা করলে ছুরিকাঘাত শুরু করে। তাকে খোঁজা হচ্ছে। পরে বিস্তারিত জানানো হবে।



