কবীর আহমেদ, সরিষাবাড়ী প্রতিনিধি
জামালপুরের সরিষাবাড়ীতে মাদকবিরোধী টাস্কফোর্সের অভিযানে নারীসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ১ কেজি ৬০ গ্রাম গাঁজা ও দুই পিস টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে গ্রেপ্তারকৃতদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুর থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত উপজেলার বাউসী বাঙ্গালীপাড়া, বাউসী ঋষিপাড়া ও সরিষাবাড়ী রেলওয়ে স্টেশন কলোনি এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
সরিষাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরোজা আফসানার নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), বাংলাদেশ আনসার ও পুলিশের সমন্বয়ে গঠিত টাস্কফোর্স দল এ অভিযান পরিচালনা করে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—বাউসী বাঙ্গালীপাড়ার সোহাগ মিয়া (২৭), বাউসী বাজারের মঞ্জু চন্দ্র রায় (৪৫), সরিষাবাড়ী রেলওয়ে কলোনির রিফাত (২২) ও মিতু (৪৫) এবং চকহাটবাড়ী এলাকার হুমায়ুন কবির (৩০)।
অভিযান সূত্রে জানা যায়, বাউসী বাঙ্গালীপাড়া এলাকা থেকে সোহাগ মিয়ার কাছ থেকে দুই পিস টাপেন্টাডল ট্যাবলেট এবং মঞ্জু চন্দ্র রায়ের কাছ থেকে ২০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ ছাড়া রেলওয়ে স্টেশন কলোনি এলাকা থেকে রিফাত ও হুমায়ুন কবিরের কাছ থেকে ২০ গ্রাম করে মোট ৪০ গ্রাম এবং মিতুর কাছ থেকে এক কেজি গাঁজা উদ্ধার করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালত সোহাগ মিয়াকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা, মঞ্জু চন্দ্র রায় ও মিতুকে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে জরিমানা এবং রিফাত ও হুমায়ুন কবিরকে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে জরিমানা করেন।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে উদ্ধার করা মাদকদ্রব্য ঘটনাস্থলেই ধ্বংস করা হয়।




