জামালপুর প্রতিনিধি: ‘জিহ্বায় উচ্চারিত প্রতিটি সত্য শব্দ কবিতা’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ আবৃত্তি সন্ধ্যা’।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাতে জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে জামালপুর আবৃত্তি সংঘের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জেলার বিভিন্ন আবৃত্তি সংগঠনের শিল্পীদের অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। আবৃত্তিশিল্পীদের কণ্ঠে বিভিন্ন কবির কবিতা পরিবেশিত হলে মিলনায়তনজুড়ে সৃষ্টি হয় মনোমুগ্ধকর পরিবেশ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, কবি ও কবিতাকে বাঁচিয়ে রাখতে সুস্থ সাংস্কৃতিক চর্চার বিকল্প নেই। নতুন প্রজন্মের মধ্যে কবিতা ও আবৃত্তির প্রতি আগ্রহ বাড়াতে নিয়মিত এ ধরনের আয়োজন প্রয়োজন। পাশাপাশি দেশজুড়ে সাংস্কৃতিক চর্চা আরও বিস্তৃত করার ওপর গুরুত্বারোপ করেন তারা।
কবি মিনহাজ উদ্দিন শপথের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন সরকারি জাহেদা সফির মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুল হাই আল হাদী, বীর মুক্তিযোদ্ধা আলী ইমাম দুলাল, হিশাম আল মহান্নাভ ও আশরাফুজ্জামান স্বাধীনসহ বিশিষ্টজনেরা।




