সাজ্জাদ হোসাইন শাহিন- স্টাফ রিপোর্টার:
জামালপুরের মেলান্দহে অভিযান চালিয়ে ১০১ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (২১ জুন ২০২৬) মেলান্দহ পৌরসভার উত্তর আদিপৈত এলাকায় অভিযান চালিয়ে মোঃ মামুন আলী (৩১) নামে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি উত্তর আদিপৈত এলাকার বাসিন্দা।
মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উত্তর আদিপৈত এলাকায় মামুন আলীর অবস্থান নিশ্চিত করে অভিযান পরিচালনা করা হয়। এ সময় তার দ্বিতীয় শ্বশুর বিশু মিয়ার মালিকানাধীন উত্তর দুয়ারী এককক্ষবিশিষ্ট টিনশেড বসতঘরে তল্লাশি চালানো হয়। পরে আসামির দেহ তল্লাশি করে একটি নীল রঙের জিপারযুক্ত পলিপ্যাকেট থেকে ১০১ পিস কমলা রঙের অ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত ইয়াবার মোট ওজন ১০ দশমিক ১ গ্রাম এবং এর আনুমানিক বাজারমূল্য ৫০ হাজার ৫০০ টাকা বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরে কর্মরত মোঃ আনোয়ার হোসেন বাদী হয়ে মেলান্দহ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া সম্পন্ন করছেন।
জামালপুর জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিচালক মোহাম্মদ রহুল আমিন জানান , মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে এবং মাদক নির্মূলে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্ত জামালপুর জেলা কার্যালয়ের তৎপরতা আরও জোরদার করা হবে।




