-স্টাফ রিপোর্টার:
জামালপুরের মেলান্দহ উপজেলায় সরকারি এক দপ্তরের গাড়ি অন্য দপ্তরের কাজে ব্যবহারের অভিযোগ উঠেছে উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. খায়রুল ইসলামের বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, প্রাণিসম্পদ বিভাগের সরকারি গাড়ি ব্যবহার করে তিনি নিয়মিত মাহমুদপুর ইউনিয়ন পরিষদে যাতায়াত করছেন।
শুক্রবার (২২ মে) দুপুরে মাহমুদপুর ইউনিয়ন পরিষদে গিয়ে দেখা যায়, তিনি সরকারি গাড়ি ব্যবহার করে পরিষদে এসেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, মাহমুদপুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক দায়িত্বের সঙ্গে সম্পৃক্ত থাকায় তিনি ওই ইউনিয়নে যাতায়াতের ক্ষেত্রে সরকারি গাড়ি ব্যবহার করছেন বলে অভিযোগ রয়েছে। এ নিয়ে স্থানীয়দের মধ্যে প্রশ্ন উঠেছে, সরকারি গাড়ির ব্যবহার সংশ্লিষ্ট নীতিমালা অনুযায়ী হচ্ছে কি না।
তথ্য অনুযায়ী, মেলান্দহ উপজেলা প্রাণিসম্পদ হাসপাতাল থেকে মাহমুদপুর ইউনিয়ন পরিষদের দূরত্ব প্রায় ১০ থেকে ১২ কিলোমিটার। হাসপাতাল সূত্র জানায়, সরকারি গাড়িটি প্রতি লিটার ডিজেলে প্রায় ৫ কিলোমিটার পথ অতিক্রম করে। সে হিসেবে আসা-যাওয়ায় প্রতিদিন আনুমানিক ৪ লিটার ডিজেল খরচ হয়।
মাহমুদপুর ইউনিয়ন পরিষদের এক সদস্য বলেন, “প্রশাসক নিয়োগের পর থেকেই তিনি নিয়মিত সরকারি গাড়ি ব্যবহার করে পরিষদে আসছেন। একটি সরকারি প্রতিষ্ঠানের গাড়ি ও জ্বালানি ব্যবহার করে অন্য দায়িত্ব পালন করায় বিস্মিত হয়েছি।”
সরকারি গাড়ির চালক মোসা আলী বলেন, “দুই-তিন দিন ধরে স্যারকে নিয়ে পরিষদে আসা হচ্ছে। তিনি অফিসের কর্মকর্তা, তার নির্দেশ মানতেই হয়।”
এ বিষয়ে উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. খায়রুল ইসলাম বলেন, এটা সরকারি কাজ। ডিসি স্যার স্থানীয় সরকার বিভাগের গুরুত্বপূর্ণ অংশ। স্যার আমাকে প্রশাসকের দায়িত্ব দিয়েছে। এখানে দায়িত্ব পালন করতে আসা- যাওয়ার জন্য তো অন্য কোন বাহন নেই। তাই এই গাড়ি ব্যবহার করা হয়।
জামালপুর জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সুকুমার রায় বলেন, “গাড়িটি প্রাণিসম্পদ বিভাগের কাজ ছাড়া অন্য কোনো কাজে ব্যবহারের সুযোগ নেই। যদি এমন ব্যবহার হয়ে থাকে, তাহলে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”




