মাদারগঞ্জ প্রতিনিধি:
জামালপুরের মাদারগঞ্জে শ্বশুরবাড়িতে এক অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। বুধবার (সকাল সাড়ে ১০টা) উপজেলার গুনারীতলা পশ্চিম পাড়ায় এ ঘটনা ঘটে।
খবর পেয়ে বিকাল ৫টার দিকে মাদারগঞ্জ মডেল থানা পুলিশ ঘটনাস্থল থেকে নূর ইসলামের স্ত্রী ইসমত আরা (২২)-এর লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। নিহতের গলায় ক্ষতের দাগ দেখা গেছে।
ইসমত আরা মাদারগঞ্জ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বালিজুড়ী নামাপাড়া এলাকার এনছ আলীর মেয়ে। তার ৭ বছর বয়সী একটি ছেলে রয়েছে এবং তিনি ৬ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।
ঘটনার পর থেকে স্বামীর পরিবারের সদস্যরা পলাতক রয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় নিহতের পরিবার হত্যা অভিযোগ এনে মামলা করার প্রস্তুতি নিচ্ছে।
নিহতের মামা বিল্লাল হোসেন জানান, “খবর পেয়ে গিয়ে দেখি গলায় দাগ রয়েছে। তাকে গলা চেপে বা ফাঁস দিয়ে হত্যা করা হয়েছে বলে আমাদের সন্দেহ।”
নিহতের মা খোশেদা বেগম বলেন, “আমাদের ফোন করে বলা হয় ইসমত অসুস্থ, হাসপাতালে নেওয়া হয়েছে। গিয়ে দেখি আমার মেয়ে মারা গেছে। ওরা আমার মেয়েকে মেরে ফেলেছে। আগের দিনই মেয়ের সাথে কথা হয়েছে। স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়েছিল।”
এ বিষয়ে মাদারগঞ্জ মডেল থানা সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মোস্তাফিজুর রহমান ভুঁইয়া বলেন, “প্রাথমিকভাবে জানা গেছে, গলায় উড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিষয়টি পুলিশকে জানানো হয়নি, হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে। লাশ উদ্ধার করা হয়েছে এবং ব্যবহৃত উড়না জব্দ করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বিস্তারিত জানা যাবে।”
ঘটনাটি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।



