মাদারগঞ্জ প্রতিনিধি:
জামালপুরের মাদারগঞ্জে ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার ভোর ৬টায় উপজেলা মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে উপজেলা প্রশাসন, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, মডেল থানা, উপজেলা বিএনপি, উপজেলা প্রেসক্লাবসহ বিভিন্ন দপ্তর এবং সামাজিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় সকল শহীদের স্মরণে দোয়া ও মাগফিরাত কামনা করা হয়।
সকাল ৮টায় বালিজুড়ী ফাজেল মোহাম্মদ উচ্চ বিদ্যালয় মাঠে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পরে জাতীয় পতাকা উত্তোলন, ফানুস ও কবুতর উড়িয়ে দিবসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরী ও সহকারী কমিশনার (ভূমি) রাসেল দিওসহ অন্যান্য অতিথিবৃন্দ। এরপর কুচকাওয়াজ ও মনোজ্ঞ ডিসপ্লে অনুষ্ঠিত হয় এবং বিভিন্ন ক্যাটাগরিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
দুপুর ১২টায় উপজেলা অডিটোরিয়াম হলরুমে বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারবর্গের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরী এবং স্বাগত বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) রাসেল দিও।
এ সময় বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক রেজাউল করিম আজাদ, সাবেক কমান্ডার শাহজাদা বুলবুল, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ফায়েজুল ইসলাম লাঞ্জু, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের যুগ্ম আহ্বায়ক জহুরুল ইসলাম, মাদারগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মির্জা হুমায়ুন কবির, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ, বীর মুক্তিযোদ্ধা বেলাল হোসেন বেলি, আব্দুস ছামাদ ও ফজলুল হক প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সমাজসেবা অফিসার তৌফিকুল ইসলাম খালেক।
অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারবর্গের সদস্য, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এর আগে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারবর্গকে ফুল দিয়ে সংবর্ধনা জানানো হয়। পরে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।




