স্টাফ রিপোর্টার
প্রকাশ: ০১ মার্চ ২০২৬
ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি-এর শাহাদাত এবং দেশটিতে মার্কিন-ইসরাইলি যৌথ আগ্রাসনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
রোববার এক যৌথ বিবৃতিতে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা বলেন, আয়াতুল্লাহ খামেনি বিশ্বজুড়ে সাম্রাজ্যবাদ ও জায়নবাদবিরোধী আন্দোলনের অন্যতম কণ্ঠস্বর ছিলেন। তারা দাবি করেন, তিনি দীর্ঘদিন ধরে নিপীড়িত জনগোষ্ঠীর পক্ষে সোচ্চার ভূমিকা পালন করেছেন।
বিবৃতিতে বলা হয়, সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ধারাবাহিক হুমকির প্রেক্ষাপটে ইরানে যে সামরিক হামলা চালানো হয়েছে, তা পূর্বপরিকল্পিত আগ্রাসনের বহিঃপ্রকাশ। আন্তর্জাতিক গণমাধ্যমের বরাতে সংগঠনটি উল্লেখ করে, হামলায় ইরানের কয়েকজন শীর্ষ সামরিক ও রাজনৈতিক কর্মকর্তা নিহত হয়েছেন।
নেতৃবৃন্দ অভিযোগ করেন, দক্ষিণ ইরানের একটি বালিকা বিদ্যালয়ে হামলায় বহু শিক্ষার্থী নিহত হয়েছে, যা আন্তর্জাতিক মানবাধিকার ও মানবিক আইনের গুরুতর লঙ্ঘন। তারা এ ঘটনাকে “নৃশংস ও অমানবিক” আখ্যা দিয়ে অবিলম্বে হামলা বন্ধের আহ্বান জানান।
বিবৃতিতে আরও বলা হয়, বিশ্বব্যাপী চলমান সংঘাত ও আগ্রাসন আন্তর্জাতিক শান্তি ও স্থিতিশীলতার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। ফিলিস্তিনসহ বিভিন্ন অঞ্চলের চলমান পরিস্থিতির সঙ্গে ইরানের ঘটনার মিল রয়েছে বলেও উল্লেখ করা হয়।
ছাত্রশিবির নেতারা অবিলম্বে সামরিক হামলা বন্ধ করে কূটনৈতিক সংলাপের মাধ্যমে সংকট সমাধানের আহ্বান জানান। একই সঙ্গে তারা আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।
শেষে, আয়াতুল্লাহ খামেনিসহ নিহতদের রুহের মাগফিরাত কামনা করা হয় এবং বিশ্ববাসীকে শান্তি প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়।
খামেনির শাহাদাত ও মার্কিন-ইসরাইলি আগ্রাসনের প্রতিবাদে ছাত্রশিবিরের বিবৃতি
Oplus_131072




