মাদারগঞ্জ প্রতিনিধি:
জামালপুরের মাদারগঞ্জে ফসলি জমি থেকে ভেকু দিয়ে মাটি উত্তোলনের খবর সংগ্রহ করতে গিয়ে হুমকির মুখে পড়েছেন কয়েকজন সংবাদকর্মী। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার ওসিকেও দেখে নেওয়ার হুমকি দেন এক সাবেক ইউপি সদস্য।
মঙ্গলবার বেলা ২টা ৩০ মিনিটের দিকে উপজেলার আদারভিটা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বিন্যাফৈর এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকাল থেকে দুপুর পর্যন্ত ভেকু দিয়ে ফসলি জমি কেটে পাশের একটি পুকুর ভরাট করা হচ্ছিল। বিন্যাফৈর ষাইটেরপাড়া এলাকার বারেকের ছেলে পারভেজ (২৫) এ কাজ করছিলেন বলে অভিযোগ রয়েছে। খবর পেয়ে উপজেলা থেকে দুই থেকে তিনজন সংবাদকর্মী ঘটনাস্থলে যান। তারা ছবি ও ভিডিও ধারণ করে মাটি উত্তোলনের প্রশাসনিক অনুমতি আছে কি না জানতে চান।
এ সময় উপস্থিত সাবেক ইউপি সদস্য মোস্তফা সাংবাদিকদের উদ্দেশে বলেন, “কোন ইউএনও, কোন ওসি আসবে, দেখমু নি।” তিনি আরও দাবি করেন, “তারেক জিয়া বলছে খাল খনন করতে। আমরা খাল খনন করে দিতাছি।”
এ বিষয়ে জানতে চাইলে মাদারগঞ্জ মডেল থানা-এর অফিসার ইনচার্জ খন্দকার শাকের আহমেদ বলেন, বিষয়টি উপজেলা প্রশাসনের এখতিয়ারভুক্ত। মোবাইল কোর্ট পরিচালনা হলে পুলিশ প্রয়োজনীয় সহযোগিতা করবে।
অন্যদিকে মাদারগঞ্জ উপজেলা নির্বাহী অফিস-এর নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরী বলেন, সহকারী কমিশনার (ভূমি) প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়দের দাবি, অবৈধভাবে ফসলি জমি কেটে পুকুর ভরাট বন্ধে দ্রুত প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হোক।




