সাজ্জাদ হোসাইন শাহিন,স্টাফ রিপোর্টার :
জামালপুরের মেলান্দহ উপজেলার প্রধান কাঁচাবাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামে অস্থিরতা বিরাজ করছে। বিশেষ করে লেবুর দাম বেড়ে যাওয়ায় সাধারণ ক্রেতাদের মধ্যে দেখা দিয়েছে অসন্তোষ। বর্তমানে মেলান্দহ বাজারে প্রতি হালি লেবু বিক্রি হচ্ছে ৮০ টাকায়। আকার ও মানভেদে কোথাও কোথাও ৯০ টাকা পর্যন্ত দাম চাওয়া হচ্ছে।
বাজার ঘুরে দেখা যায়, সকাল থেকেই ক্রেতাদের ভিড় থাকলেও অনেকেই উচ্চমূল্যের কারণে প্রয়োজনের তুলনায় কম কিনছেন। মাছ, মাংস ও সবজির সঙ্গে লেবু প্রায় অপরিহার্য হলেও দাম বৃদ্ধির কারণে তা এখন বিলাসিতায় পরিণত হচ্ছে বলে মন্তব্য করেছেন কয়েকজন ক্রেতা।
একজন ক্রেতা বলেন, “গত মাসেও ৪০-৫০ টাকায় হালি লেবু কিনেছি। এখন ৮০ টাকা চাচ্ছে। সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে।” আরেকজন গৃহিণী জানান, “গরমের সময় লেবুর চাহিদা বেশি থাকে। কিন্তু এমন দাম হলে নিয়মিত কেনা কঠিন।”
বিক্রেতারা জানান, মৌসুম শেষের দিকে হওয়ায় স্থানীয়ভাবে লেবুর সরবরাহ কমে গেছে। পাশাপাশি পাইকারি বাজারে দাম বৃদ্ধি ও পরিবহন খরচ বাড়ার প্রভাব পড়েছে খুচরা বাজারে। তাদের দাবি, বেশি দামে কিনে আনতে হচ্ছে বলেই বেশি দামে বিক্রি করতে হচ্ছে।
মেলান্দহ বাজারের সার্বিক চিত্রে দেখা যায়, শুধু লেবুই নয়—কিছু সবজি ও নিত্যপণ্যের দামও তুলনামূলক বেশি। এতে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারগুলো চাপে পড়েছে। বাজার মনিটরিং জোরদার ও সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
নতুন মৌসুমের লেবু বাজারে এলে দাম কিছুটা কমতে পারে বলে আশা করছেন ব্যবসায়ীরা। তবে আপাতত ৮০ টাকার হালি লেবুই মেলান্দহ বাজারের বাস্তব চিত্র।




