দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী সময়ে দেওয়ানগঞ্জের বিভিন্ন এলাকায় হামলা ও সহিংসতার সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন দেওয়ানগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক সংবাদের উপজেলা প্রতিনিধি মো. শামছুল হুদা (রতন)।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকালে উপজেলার চিকাজানি ইউনিয়নের মন্ডল বাজার এলাকায় এ ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, দেওয়ানগঞ্জ পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফারুক আহম্মেদের নেতৃত্বে জিন্নাহ, বাবু, রিপন, সিফাত, বালুগ্রামের সুমন মিয়াসহ আরও কয়েকজন এই হামলায় অংশ নেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, হামলার সময় দেওয়ানগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক আতিকুর রহমান সাজু ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত করেন।
সাংবাদিক শামছুল হুদা জানান, মন্ডল বাজার এলাকায় জামায়াত-সমর্থিত কিছু নেতাকর্মীর ওপর বিএনপির নেতাকর্মীদের মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগের তথ্য সংগ্রহ করতে গেলে যুবদল নেতা ফারুক আহম্মেদ তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং ‘আওয়ামী লীগ ট্যাগ’ দিয়ে হামলার নির্দেশ দেন। এর পরপরই তার ওপর হামলা চালানো হয়।
উল্লেখ্য, হামলার একটি ভিডিও ফুটেজ ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে এবং তা নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে।
যুবদল নেতার হামলার শিকার সাংবাদিক শামছুল হুদা




