স্টাফ রিপোর্টার:
প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৫ ও বরিশাল-৬—উভয় আসনেই পরাজিত হয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সিনিয়র নায়েবে আমির ও হাতপাখা প্রতীকের প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম। দুটি আসনেই ধানের শীষ প্রতীকের প্রার্থীরা জয় লাভ করেছেন।
নির্বাচন কার্যালয়ের বেসরকারি ফলাফলে দেখা যায়, বরিশাল-৫ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মজিবর রহমান সরোয়ার পেয়েছেন ১ লাখ ৩১ হাজার ৪৩১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফয়জুল করীম পেয়েছেন ৯৩ হাজার ৫২৮ ভোট।
অন্যদিকে বরিশাল-৬ আসনের ১১৩টি কেন্দ্রের ফলাফলে ধানের শীষ প্রতীকের প্রার্থী ও বরিশাল জেলা বিএনপির আহ্বায়ক আবুল হোসেন খান পেয়েছেন ৮১ হাজার ৮৭ ভোট। এ আসনে দ্বিতীয় হয়েছেন দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মোহাম্মদ মাহমুদুন্নবি, তিনি পেয়েছেন ৫৪ হাজার ৫৩৩ ভোট। হাতপাখা প্রতীকের প্রার্থী ফয়জুল করীম পেয়েছেন ২৮ হাজার ৮২৩ ভোট।
এ নির্বাচনে বরিশালের ছয়টি আসনেই বিএনপি সমর্থিত প্রার্থীরা বিজয়ী হয়েছেন বলে জানা গেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দক্ষিণাঞ্চলে বিএনপির সাংগঠনিক শক্তি ও ভোটব্যাংকের প্রভাব এবারের ফলাফলে প্রতিফলিত হয়েছে।
দুই আসনেই বড় ব্যবধানে পরাজিত ফয়জুল করীম
Oplus_131072




