মুক্তকাল রিপোর্টার:
দীর্ঘ ২৫ বছর পর জামালপুরে জনসম্মুখে বড় ধরনের জনসভা করতে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সর্বশেষ ২০০১ সালে জেলায় এমন বড় আয়োজন করেছিল দলটি।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার ১১তম দিনে আগামীকাল রোববার (১ ফেব্রুয়ারি) জামালপুর শহরের সিংহজানি স্কুল মাঠে এই নির্বাচনি জনসভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
জনসভাকে কেন্দ্র করে শনিবার (৩১ জানুয়ারি) সকাল থেকেই মাঠে মঞ্চ নির্মাণসহ সার্বিক প্রস্তুতিমূলক কার্যক্রম শুরু হয়েছে। আয়োজকদের দাবি, জেলার বিভিন্ন উপজেলা ছাড়াও আশপাশের এলাকা থেকে লক্ষাধিক মানুষের সমাগম ঘটতে পারে।
জামায়াত আমিরের আগমন উপলক্ষে নিরাপত্তা, শৃঙ্খলা ও ব্যবস্থাপনায় ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। মাঠে প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণের পাশাপাশি স্বেচ্ছাসেবক ও দলীয় নেতা-কর্মীরা দিনভর ব্যস্ত সময় পার করছেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামী জামালপুর জেলা শাখার সেক্রেটারি আব্দুল আওয়াল জানান, কেন্দ্রীয় আমির আগামীকালের জনসভায় জাতির উদ্দেশে গুরুত্বপূর্ণ বক্তব্য দেবেন। তিনি বলেন, “রাত থেকেই আমাদের প্রস্তুতিমূলক কার্যক্রম চলছে। আশা করছি সন্ধ্যার মধ্যেই সব কাজ শেষ হবে। আইনশৃঙ্খলা বাহিনী আমাদের সঙ্গে সার্বিকভাবে সহযোগিতা করছে।”
জেলা জামায়াতের আমির মো. আব্দুস সাত্তার বলেন, “জেলার প্রায় ৫০ হাজার নেতা-কর্মীর উপস্থিতি নিশ্চিত করার প্রস্তুতি রয়েছে। পাশাপাশি বিপুল সংখ্যক সমর্থকও অংশ নেবেন। সব মিলিয়ে লক্ষাধিক মানুষের উপস্থিতি হতে পারে বলে আমরা আশা করছি।”
২৫ বছর পর জামালপুরে জামায়াতের বড় জনসভা হতে যাচ্ছে,
Oplus_131072




