Skip to content
প্রকাশ- November 2, 2026 , 21:00 pm
অন্যান্য

কড়াইলবাসীর জীবনমান উন্নয়নে প্রতিশ্রুতি তারেক রহমানের

কড়াইলবাসীর জীবনমান উন্নয়নে প্রতিশ্রুতি তারেক রহমানের

Oplus_131072

মুক্তকাল ডেক্স:
রাজধানীর মহাখালী এলাকার কড়াইল বস্তিবাসীদের জীবনমান উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি কড়াইলবাসীর জন্য উন্নত আবাসন, মানসম্মত শিক্ষা ও আধুনিক স্বাস্থ্যসেবার ব্যবস্থা করার অঙ্গীকার করেন।
মঙ্গলবার কড়াইলবাসীর উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুম বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তারেক রহমান।
তারেক রহমান বলেন, কড়াইলের বস্তিতে বসবাসকারী মানুষের সন্তানদেরও যেন অভিজাত এলাকায় বসবাসকারী ধনী পরিবারের সন্তানদের মতো একই মানের শিক্ষা ও সুযোগ-সুবিধা পাওয়া নিশ্চিত করা হয়। তিনি বলেন, ধনীদের সন্তানরা যেমন বিদেশি ভাষা শিক্ষা, খেলাধুলা ও আধুনিক শিক্ষাব্যবস্থার সুযোগ পায়, তেমনি কড়াইলের শিশুদেরও সেই সুযোগ নিশ্চিত করা হবে।
তিনি আরও বলেন, বিএনপি রাজনীতি করে সাধারণ মানুষের কল্যাণের জন্য। অতীতে বিএনপি জনগণের কাছে যে অঙ্গীকার করেছে, তা বাস্তবায়নের চেষ্টা করেছে উল্লেখ করে তারেক রহমান বলেন, আল্লাহ যদি আমাকে সুযোগ দেন, তাহলে কড়াইলবাসীর জীবনমান উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।
কড়াইলের আবাসন সংকট নিরসনে বহুতল ভবন নির্মাণের পরিকল্পনার কথা উল্লেখ করে তিনি বলেন, দীর্ঘদিন ধরে বসবাসরত বস্তিবাসীদের নামে রেজিস্ট্রেশন করে ছোট ছোট ফ্ল্যাট প্রদান করা হবে। পাশাপাশি শিশুদের পড়াশোনার জন্য স্কুল ও খেলাধুলার মাঠ নির্মাণ করা হবে।
স্বাস্থ্যসেবার বিষয়ে তিনি বলেন, কড়াইল এলাকায় হাসপাতাল ও ক্লিনিক স্থাপন করা হবে, যাতে বাসিন্দারা সহজেই জরুরি চিকিৎসাসেবা গ্রহণ করতে পারেন।
অনুষ্ঠানে তারেক রহমানের সঙ্গে উপস্থিত ছিলেন তার স্ত্রী ডা. জুবাইদা রহমান। বক্তব্যের শুরুতে তিনি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

Advertisement
Advertisement