মুক্তকাল ডেক্স:
তিনটি অভিযোগের প্রতিবাদে নির্বাচন কমিশন (ইসি) ভবন ঘেরাও কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। রোববার (১৮ জানুয়ারি) সকালে আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনের সামনে অবস্থান নেন সংগঠনের নেতাকর্মীরা।
কর্মসূচিতে ছাত্রদল সভাপতি রাকিব অভিযোগ করেন, বর্তমান নির্বাচন কমিশন নিরপেক্ষভাবে দায়িত্ব পালন না করে একটি নির্দিষ্ট রাজনৈতিক গোষ্ঠীর নির্দেশনা অনুযায়ী কাজ করছে। তার দাবি, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক ছাত্র সংসদ নির্বাচনকে ঘিরে একটি বিশেষ ছাত্র সংগঠনকে সুবিধা দিতে বারবার নির্বাচনের তারিখ পরিবর্তন ও স্থগিত করা হয়েছে।
তিনি আরও বলেন, “আমরা লক্ষ্য করছি, একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠীর নেতাকর্মীরা নিয়মিতভাবে নির্বাচন কমিশনারদের সঙ্গে সাক্ষাৎ করছেন। সচিবালয় কিংবা নির্বাচন কমিশনে তাদের কোনো আনুষ্ঠানিক কাজ না থাকলেও তারা সেখানে অবাধে যাতায়াত ও প্রভাব বিস্তার করছে।”
ছাত্রদলের উত্থাপিত অভিযোগসমূহ:
১. পোস্টাল ব্যালট সংক্রান্ত বিষয়ে নির্বাচন কমিশনের পক্ষপাতমূলক ও বিতর্কিত সিদ্ধান্ত, যা নির্বাচনী প্রক্রিয়ার নিরপেক্ষতা নিয়ে গুরুতর প্রশ্ন তৈরি করেছে।
২. একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠীর চাপে পড়ে দায়িত্বশীল ও যৌক্তিক সিদ্ধান্তের পরিবর্তে হঠকারী সিদ্ধান্ত গ্রহণ, যা কমিশনের স্বাধীনতা ও পেশাদারিত্বকে প্রশ্নবিদ্ধ করেছে।
৩. সরাসরি রাজনৈতিক হস্তক্ষেপের মাধ্যমে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন সংক্রান্ত নজিরবিহীন ও বিতর্কিত প্রজ্ঞাপন জারি, যা বিশ্ববিদ্যালয় পর্যায়ে গণতান্ত্রিক চর্চার জন্য হুমকিস্বরূপ।
তিন দফা দাবিতে নির্বাচন কমিশন ভবন ঘেরাও ছাত্রদলের
Oplus_131072




