আতিক,বিশেষ প্রতিনিধি:
জুলাইয়ের অকুতোভয় যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির কফিন স্পর্শ করে ইনসাফ প্রতিষ্ঠা এবং আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার শপথ নিয়েছেন জুলাই আন্দোলনের নেতা হাসনাত আব্দুল্লাহ ও ডাকসুর ভিপি সাদিক কায়েম।
শুক্রবার (১৯ ডিসেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া পৃথক পোস্টে তারা এই শপথের কথা জানান।
এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ তার ফেসবুক পোস্টে শহীদ হাদির কফিনের ছবি শেয়ার করে লেখেন,
‘ইনসানিয়াত ছাড়া মুক্তি নাই—এই কথাটি যদি আপনার মতো করে আজ আপনার কফিন বহনকারী সবাই বুঝতে পারত, তাহলে দেশটি নিশ্চিতভাবেই ইনসাফের হতো।’
তিনি আরও বলেন, ‘হাদি ভাই, আপনার ইনসানিয়াত ও ইনসাফের নীতি একদিন বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে, ইনশাআল্লাহ।’
অন্যদিকে, ডাকসুর ভিপি সাদিক কায়েম ফেসবুকে কফিনের ছবি পোস্ট করে বলেন,
‘শহীদের কফিন ছুঁয়ে আমাদের শপথ—আগ্রাসন ও আধিপত্যের বিরুদ্ধে আজীবন লড়ে যাবো।’
একই পোস্টে তিনি দোয়া করে লেখেন, ‘হে আমাদের মালিক, আমাদেরকে শহীদ হাদির মতো কবুল করুন—বিপ্লবের পথে, শাহাদাতের পথে।’
উল্লেখ্য, শুক্রবার সন্ধ্যায় শহীদ শরিফ ওসমান হাদির মরদেহ বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট সিঙ্গাপুর থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
বিমানবন্দরে মরদেহ গ্রহণকালে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আদিলুর রহমান খান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন।




