আতিকুর রহমান আতিক :
আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে দেশে নতুন রাজনৈতিক জোট গঠনের ঘোষণা দিয়েছে ন্যাশনাল সিটিজেন্স পার্টি (এনসিপি)। রোববার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম তিন দলের এই জোটের আনুষ্ঠানিক ঘোষণা দেন।
জোটে এনসিপির পাশাপাশি আরও রয়েছে এবি পার্টি এবং রাষ্ট্র সংস্কার আন্দোলন। দলগুলো জানায়, গণতান্ত্রিক মূল্যবোধ পুনরুদ্ধার, নাগরিক অধিকার রক্ষা এবং রাজনৈতিক সংস্কার বাস্তবায়নের লক্ষ্যেই নতুন প্ল্যাটফর্মটি আত্মপ্রকাশ করছে।
সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম বলেন, “দেশের বিদ্যমান রাজনৈতিক সংকট কাটিয়ে উঠতে গণতান্ত্রিক সংস্কার অত্যন্ত জরুরি। নতুন এই মঞ্চ সেই পরিবর্তনের জন্যই কাজ করবে।”
তিনি আরও উল্লেখ করেন, আগামী নির্বাচনে স্বচ্ছতা, জবাবদিহি ও অংশগ্রহণমূলক প্রক্রিয়া নিশ্চিত করার মাধ্যমে সুশাসনের ভিত্তি সুদৃঢ় করাই জোটের মূল উদ্দেশ্য।
জোটের নেতাদের মতে, দেশের রাজনৈতিক পরিসরে বিকল্প ও ইতিবাচক শক্তি গড়ে তোলার প্রয়োজনীয়তা এখন সময়ের দাবি। তাই সমমনা দলগুলোকে এক প্ল্যাটফর্মে এনে জনগণের প্রত্যাশা পূরণের চেষ্টা করা হবে।




